২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসন বেশি নিরপেক্ষতা দেখাতে গিয়ে ভোটারদের নিরুৎসাহিত করেছে: মেনন

এ কারণে ভোটের সময় নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টদের ধমকও দিয়েছেন বলে দাবি করেন তিনি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2024, 05:06 PM

Updated : 16 Jan 2024, 05:59 PM

প্রশাসন বেশি নিরপেক্ষতা দেখাতে গিয়ে ভোটারদের নিরুৎসাহিত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

তিনি বলেছেন, “নির্বাচনের দিন প্রশাসন বেশি নিরপেক্ষতা দেখাতে গিয়ে ভোটারদের নিরুৎসাহিত করেছে। এ কারণে ভোটের সময় নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টদের ধমকও দিয়েছি।”

বরিশাল-২ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার দুপুরে জেলার প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

প্রকৃত অর্থে একটি সফল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দাবি করে মেনন বলেন, “আমার আসনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। ভোটার উপস্থিতি ন্যাশনাল এভারেজ ছিল, যা আমার আসনেও একই হয়েছে; বাড়তিও না আবার কমতিও না।”

পশ্চিমা দেশগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “নির্বাচন অবাধ করা তাদের উদ্দেশ্য ছিল না, লক্ষ্য ছিল রেজিম চেইঞ্জ করার। এখনো তাদের লক্ষ্য তা-ই। তাদের লক্ষ্য ফেল করেছে। বাংলাদেশের জনগণ তাদের জবাব দিয়েছে।”

ওয়ার্কার্স পার্টির সভাপতি আরও বলেন, “বিএনপি ও জামায়াত জনগণের কাছে পরাজিত হয়েছে।“

সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় মেনন বিভাগীয় শহর বরিশাল নগরীর উন্নয়ন থেকে শুরু করে বরিশাল-২ আসন বানারীপাড়া-উজিরপুর উপজেলার উন্নয়নের নানা দিক তুলে ধরেন। এ সময় দেশের বিভিন্ন বিভাগের উন্নয়নের চিত্রও তুলে ধরেন তিনি। বরিশালকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করেন।

মেনন বলেন, “শওকত হোসেন হিরণ মেয়র থাকার সময় যে উন্নয়ন হয়েছে, পরে তার সামান্যতমও বাস্তবায়ন হয়নি।”

নিজের একটি প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি একটা সময় চেষ্টা করেছিলাম, বরিশাল জেলার সব সংসদ সদস্যকে একত্রিত করার জন্য। তাদের একত্রিত করে সমন্বিত উন্নয়ন করার। কিন্তু সেটা হয়নি।”

এ সময় আমির হোসেন আমুর পর নিজেকে জ্যেষ্ঠ দাবি করে রাশেদ খান।

তিনি বলেন, “আমরা চেষ্টা করব বরিশালের জন্য উদ্যোগগুলো এগিয়ে নিতে। মন্ত্রী হওয়া না হওয়ার ওপর এটা নির্ভর করে না। এটা নির্ভর করে উদ্যোগের ওপর।”

বরিশাল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছেন জানিয়ে মেনন আরও বলেন, “বরিশাল সম্পর্কে তার সংবেদনশীলতা রয়েছে। প্রধানমন্ত্রী বরিশালের বক্তৃতায়ও সেটা বলেছেন।”

মেনন বলেন, “তবে একটা অসুবিধা হয়ে গেছে, অর্থনৈতিক সংকটের কারণে আর্থিক যে অনটনটা সৃষ্টি হয়েছে, অনেক প্রকল্প ধীরগতিতে যাবে, শ্লথ গতিতে যাবে।”

তার নির্বাচনি এলাকা বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে একটি সেতু হলে খুলনার সঙ্গে ৩০ কিলোমিটার পথ কমে যাবে জানিয়ে তিনি বলেন, “ব্রিজটি হলে আমরা খুলনার সাথে সরাসরি যুক্ত হয়ে যাব। অলরেডি অনেক কাজ এগিয়ে রয়েছে।”

এ সময় বরিশালের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শেখ টিপু সুলতান তার সঙ্গে ছিলেন।