পাবনায় সাবেক সাব-রেজিস্ট্রারসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সরকারি সম্পত্তি রেজিস্ট্রি করার অপরাধে মামলা হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।
সরকারি খাস জমি জালিয়াতির মাধ্যমে ব্যক্তির নামে রেজিস্ট্রি করে দেওয়ার অভিযোগে পাবনার ঈশ্বরদী উপজেলার সাবেক সাব রেজিস্ট্রারসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
বৃহস্পতিবার দুপুরে দুদক সমন্বিত কার্যালয় পাবনার উপ-সহকারী পরিচালক মনোয়ার হোসেন বাদী হয়ে এই মামলা করেন।
মামলায় আসামী করা হয়েছে ঈশ্বরদী উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সাবেক সাব রেজিস্ট্রার মো. আব্দুল হান্নান, ঈশ্বরদী উপজেলার দড়িনাড়িচা গ্রামের রঞ্জু দাস এবং দড়িনাড়িচা গ্রামের বাসিন্দা সাবেক দলিল লেখক আবুল কালাম আজাদ।
মামলার এজাহারে বলা হয়েছে, “অভিযুক্ত আসামীরা অসৎ উদ্দেশ্যে প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয় নিয়ে সরকারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত দড়িনাড়িচা মৌজার দু’টি খতিয়ান থেকে ৩ শতাংশ জমি জালিয়াতির মাধ্যমে ব্যক্তির নামের রেজিস্ট্রি করে দেন। দলিল লেখক আবুল কালাম আজাদ খতিয়ান, মৌজা ও দাগ এবং খাজনা খারিজ করে দলিল লেখা সম্পাদন করার পর সাব রেজিস্ট্রার আব্দুল হান্নানের কাছে উপস্থাপন করেন। আব্দুল হান্নান অনৈতিক পন্থায় কোনো কাগজপত্র যাচাই বাছাই না করেই ২২০৪ নম্বর দলিলে ১৩/০৪/২০১৬ তারিখে একই এলাকার তাসলিমা আক্তার মুন্নীর নামে ওই জমি রেজিস্ট্রি করে দেন।
“যা সরকারি সম্পত্তি আত্মসাতের শামিল এবং দুদকের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ।”
দুদক পাবনা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মনোয়ার হোসেন বলেন, আসামীরা সরকারি সম্পত্তি আত্মসাতের চেষ্টা করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এভাবে সরকারি সম্পত্তি রেজিস্ট্রি করার অপরাধে মামলাটি হয়েছে।
