২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে নদ-নদীতে ফের বাড়ছে পানি, তলিয়েছে নিম্নাঞ্চল

তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি বিপৎসীমার দুই সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানায় পাউবো।

কুড়িগ্রামে নদ-নদীতে ফের বাড়ছে পানি, তলিয়েছে নিম্নাঞ্চল

কুড়িগ্রামে নদ-নদীতে পানি বেড়ে তলিয়ে গেছে একটি বাড়ি।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2023, 06:23 PM

Updated : 31 Aug 2023, 06:42 PM

কুড়িগ্রাম জেলার সবগুলো নদ-নদীতে ফের পানি বাড়তে শুরু করেছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এ ছাড়া আমন ক্ষেত তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকের।

বৃহস্পতিবার সকালে জেলার সবগুলো নদ-নদীর পানি বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হলেও তিস্তার কাউনিয়া পয়েন্ট পানি বিপৎসীমার মাত্র দুই সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হওয়ার কথা জানিয়েছে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

এ ছাড়া ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে বিপৎসীমার ৭ সেন্টিমিটার, দুধকুমার নদের পানি ২১ সেন্টিমিটার ও ধরলা নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে জানায় পাউবো।

কুড়িগ্রাম সদর উপজেলার চর যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চরের বাসিন্দা মতিয়ার রহমান বলেন, “গত ৫ দিন ধরে বন্যার পানিত খুব কষ্টে চলাচল করছি। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকা ছাড়া বের হতে পারছি না। যে হারে পানি বাড়তেছে জানি না কি হবে।”

ব্রহ্মপুত্র নদ পাড়ের খেয়ার আলগা চরের বাসিন্দা আলো খাতুন বলেন, “স্বামী বাড়িতে নাই, শহরে কাজে গেছে। ছোট তিনটা বাচ্চা নিয়ে কষ্টে আছি। পানির মধ্যে বাচ্চাদের নিয়ে ভয়ে থাকি, কখন কী হয়।”

আরেক বাসিন্দা সাহেরা বেগম বলেন, “হামার ঘরত পানি উঠছে, আজ দুই দিন হলো মানুষের বাড়িত আশ্রয় নিছি। নদীর পানি সকালেও এক হাত বাড়ছে। খাওয়ার পানির খুব কষ্ট হইছে।”

উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবলু মিয়া বলেন, “আমার এলাকার কয়েকটা চরে ব্রহ্মপুত্রের পানিতে প্রায় ৭০০ পরিবার পানিবন্দি হয়ে আছে। সরকারের থেকে চার টন চাল বরাদ্দ পেয়েছি। পর্যায়ক্রমে বিতরণ করা হবে।”

যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, ব্রহ্মপুত্রের অববাহিকায় দুইশটির মতো পরিবার পানিবন্দি হয়ে আছে। শৌচাগার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাতে কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি কিছুটা কমে বন্যা পরিস্থিতি উন্নতি হবে। তবে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, বন্যা কবলিত এলাকার জন্য ৩৬২ টন চাল, পাঁচ লাখ টাকা ও তিন হাজার ৭০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা ভিত্তিক চাহিদা অনুযায়ী সেসব বিতরণের কাজ চলছে।

এ ছাড়া শিশুখাদ্য বাবদ দুই লাখ ও গো-খাদ্য ক্রয় বাবদ পাঁচ লাখ টাকা মজুত আছে বলেও তিনি জানান।

আরও পড়ুন:

পুরনো খবর:

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের ভাঙনে দিশেহারা ৭ শতাধিক পরিবার