১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কান্নার শব্দ শুনে মাটিচাপা দেওয়া নবজাতক উদ্ধার

নবজাতককে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2025, 01:07 AM

Updated : 10 Sep 2026, 12:29 PM

গাজীপুর সদর উপজেলায় কান্নার শব্দ শুনে মাটিচাপা দেওয়া অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। 

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা এলাকার ছামিট ক্যাডেট একাডেমির পেছন থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানান জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম।

নবজাতককে প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। 

মাটিচাপা অবস্থা থেকে নবজাতককে উদ্ধার করেন ওই এলাকার বাসিন্দা স্বপ্না বেগম।

তিনি বলেন, “বাড়ির কাছে মাঠে শিশুরা খেলছিল। হঠাৎ তারা কান্নার শব্দ শুনতে পায়। তখন এক ব্যক্তি মাটি সরিয়ে এক নবজাতককে মাটির নিচে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার বাড়িতে নিয়ে পরিষ্কার করি।”

পরে নবজাতককে মাওনার একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান স্বপ্না বেগম।

ওসি আব্দুল হালিম বলেন, খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেনের সঙ্গে যোগাযোগ করে রাত সাড়ে ১০টায় শিশুটিকে হস্তান্তর করা হয়েছে।

নবজাতকের পরিচয় শনাক্ত এবং ঘটনা তদন্তে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান তিনি।

নবজাতককে নিরাপদ স্থানে রাখার পাশাপাশি তার সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন।