১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ী‌তে বৃদ্ধাকে হত্যার মামলায় যুবকের মৃত্যুদণ্ড

চল‌তি বছ‌রের ১৩ ফেব্রুয়ারি সকা‌লে বৃদ্ধা আশালতা দাসের মরদেহ ঘরের বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন বাড়ির কাজের লোক।

রাজবাড়ী‌তে বৃদ্ধাকে হত্যার মামলায় যুবকের মৃত্যুদণ্ড
রায়ের পর আদালত প্রাঙ্গণে মৃত্যুদণ্ড পাওয়া বিশ্ব‌জিৎ কুমার বিশ্বাস।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2024, 03:29 PM

Updated : 26 Aug 2026, 10:25 AM

রাজবাড়ীর পাংশায় স্বর্ণালংকার ছিনিয়ে নিতে বৃদ্ধাকে হত্যার দায়ে একজ‌নের মৃত্যুদণ্ডের আদেশ দি‌য়ে‌ছে আদালত।

বৃহস্প‌তিবার দুপ‌ু‌রে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌসুলি (পিপি) উজির আলী। 

দণ্ডিত বিশ্ব‌জিৎ কুমার বিশ্বাস (২৫) পাংশা উপজেলার সরিষা গ্রামের সু‌জিৎ বিশ্বাসের ছে‌লে।

মামলার নথি থে‌কে জানা যায়, চল‌তি বছ‌রের ১৩ ফেব্রুয়ারি সকা‌লে পাংশা উপজেলার সরিষা গ্রামের বৃদ্ধা আশালতা দাসের মরদেহ ঘরের বারান্দায় পড়ে থাকতে দেখে বাড়ির কাজের লোক পুলিশকে খবর দেয়। 

পরে নিহ‌তের জামাতা স্বপন কুমার বিশ্বাস অজ্ঞাত আসা‌মি ক‌রে পাংশা থানায় এক‌টি মামলা  ক‌রে। 

এ ঘটনায় পু‌লিশ স‌ন্দেহভাজন হিসেবে প্রতিবেশী বিশ্ব‌জিৎ কুমার বিশ্বাসকে গ্রেপ্তার কর‌লে হত‌্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার ক‌রে জবানব‌ন্দি দেন তিনি। 

জবানবন্দীতে স্বর্ণালংকার ছিনিয়ে নিতে বাড়িতে ঢুকে আশালতা দাসকে শ্বাসরোধ ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা ক‌রেছেন বলে জানান তিনি। 

পিপি উজির আলী ব‌লেন, আশালতা দাসের দুই মেয়ে। অনেক আগেই তাদের বিয়ে হয়েছে। তাই বাড়িতে তিনি একাই থাকতেন। তবে তার জায়গা-জমি দেখাশোনার জন্য একজন লোক ছিল। 

তিনি আরও ব‌লেন, সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেয়। একইসঙ্গে ২০ হাজার টাকা জ‌রিমানাও করা হ‌য়ে‌ছে।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আইনজীবী উজির বলেন, “এ রায়ের মধ্য দিয়ে একটি ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।”