১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গাজী টায়ারসে আগুন: ‘সরকার কী চায় কউক, দিমু, তবু পোলাডার সন্ধান দিক’

জেলা প্রশাসনের এক তদন্ত প্রতিবেদনে এ অগ্নিকাণ্ডে ১৮২ জন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে৷

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2025, 02:02 AM

Updated : 26 Aug 2026, 11:33 AM

নয় মাসের অন্তঃসত্ত্বা ফারজানা বেগম। সন্তানসম্ভবা এ নারীর এ সময়ে বাড়িতে বিশ্রামে থাকার কথা। কিন্তু শীতের সকালে নিখোঁজ স্বামীর ছবি হাতে দাঁড়িয়ে আছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার সামনে। 

সঙ্গে তার ছয় বছরের শিশু সন্তান। গত সাড়ে চার মাস ধরে পুলিশ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে এভাবেই ঘুরে বেড়াচ্ছেন তিনি।

রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার বাসিন্দা ফারজানার দাবি, তার কাপড় বিক্রেতা স্বামী মো. ফয়সাল (৩০) ২৫ অগাস্ট রাত থেকে নিখোঁজ। ওই রাতে রূপসীর গাজী টায়ারস কারখানায় আগুনের ঘটনার পর ভাতিজাকে খুঁজতে কারখানার ভেতর ঢোকেন তিনি। ভাতিজা বাড়ি ফিরলেও কোনো খোঁজ নেই ফয়সালের।

শিক্ষার্থী-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৫ অগাস্ট যানবাহনের চাকার টায়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠান গাজী টায়ারসে লুটপাটের পর আগুন দেয় কিছু লোক। টানা পাঁচ দিন ধরে আগুন জ্বলে এ কারখানায়৷

কারখানাটির মালিক আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী৷

১২ সেপ্টেম্বর জেলা প্রশাসনের এক তদন্ত প্রতিবেদনে এ অগ্নিকাণ্ডে ১৮২ জন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে৷

নিখোঁজদের অনেকেই রূপগঞ্জের বিভিন্ন এলাকায় থেকে শ্রমিকের কাজ করতেন। ফারজানার মত পরিস্থিতি উপজেলার শতাধিক পরিবারের। 

নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পেতে বুধবার সকালে রূপগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন তাদের স্বজনরা। বিক্ষোভরত স্বজনরা থানা ভবনের ভেতরে ঢুকতে চাইলে কলাপসিবল গেইট বন্ধ করে দেয় পুলিশ। পরে তারা থানা ফটকে অবস্থান নেন। পুলিশের পক্ষ থেকে স্বজনদের আশ্বস্ত করা হলে দুপুর ২টার দিকে তারা থানা ছাড়েন।

এর আগে ২৯ ডিসেম্বর একই দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

সকালে থানার সামনে কথা হয় নিখোঁজ আমানউল্লাহর বৃদ্ধা মা রাশিদা বেগমের সঙ্গে।

তিনি বলছিলেন, “পুলিশ-প্রশাসন খালি তালিকা করে। তালিকা কইরা কাগজ ড্রয়ারে থুইয়া দেয়। আমার পোলার তো কোনো খোঁজ দেয় না। সরকার কী চায় আমাগোরতে, কউক, তাই দিমু। কিন্তু আমার পোলার সন্ধানডা দিক। তাগো মইধ্যেই ঘাপলা আছে, নাইলে কিছু কয় না কেন!”

নিখোঁজের তালিকায় রয়েছে উপজেলার ছাতিয়ান এলাকার বাসিন্দা রাজমিস্ত্রি হাসান আলীর নাম। স্বামীর সন্ধান না পেয়ে দিশেহারা শান্তা বেগম। সাড়ে তিন বছরের ছেলের ভবিষ্যত নিয়েও সংশয় তৈরি হয়েছে তার।

বলছিলেন, “কারও কাছে কোনো টাকা-পয়সা চাই না। হ্যায় (হাসান) যদি আগুনে পুইড়া মইরা গিয়া থাকে তাইলে হাড্ডি দিব, নাইলে ছাই দিব। নাইলে অন্তত কইব তো যে, হ্যায় মারা গেছে। কিন্তু কিছুই তো কয় না কেউ। শিশু একটা বাচ্চা রাইখা তার বাবায় চইলা গেছে। আমার দুঃখ বোঝার মত কেউ নাই।”

কথা হয় নিখোঁজ সিমেন্ট কারখানার শ্রমিক মুন্নার মা নূর বেগম, স্টিল মিলের শ্রমিক ফয়েজ আহমেদের মা মনোয়ারা বেগম, মিস্ত্রি শাহীনের মা শাহানা, ফল বিক্রেতা সুমনের মা গোলেনূর বেগম, সজীবের মা কুলসুম বেগমের সঙ্গে। তারাও তাদের পরিবারের সদস্যদের সন্ধান দাবিতে থানার সামনে অবস্থান নেন।

কুলসুম বলেন, “এসপি, ডিসি, ওসি; সবার কাছে গেছি। সবাই কয়, আজকা না কালকা ফিররা আইবো। খালি ধৈর্য ধরতে কয়। ফিইররা আহোনের হইলে তো আগেই আইতো। যার সন্তান হারায় সেই কেবল বোঝে সন্তান হারানোর দুঃখ।”

স্বজনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আগুনের ঘটনার চার মাস পেরিয়ে গেলেও নিখোঁজদের কোনো সন্ধান দিতে পারেনি সরকারি কোনো সংস্থা। অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের মৃত্যু হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলছে না প্রশাসনের লোকজন। কারখানার ভেতরে দেহাবশেষ কিছু আছে কি-না সে ব্যাপারেও অনুসন্ধান চালানো হয়নি।

নিখোঁজদের সন্ধান দিতে প্রশাসন অবহেলা করছে বলেও অভিযোগ করেন স্বজনরা।

যদিও রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, “নিখোঁজদের একটি তালিকা প্রশাসনের পক্ষ থেকে যাচাই-বাছাইয়ের পুলিশের কাছে দেওয়া হয়েছে। এই তালিকা ধরে কাজ করছে পুলিশ। নিখোঁজদের সপক্ষে তথ্য যাচাই করছি। তাদের ব্যাপারে ডাটাগুলো কালেক্ট করছি। তবে, এটি সময়সাপেক্ষ ব্যাপার।”

আরও পড়ুন:

গাজী টায়ারসে আগুন: প্রতিবেদনেও নিখোঁজ ১৮২, 'ধামাচাপার' অভিযোগ

গাজী টায়ারসে আগুন: বিক্ষোভে ছেলেহারা মা বললেন, ‘থানা কয় সব পুইড়্যা গেছে’

গাজী টায়ারসে আগুন: নিখোঁজরা ঘরে ফেরেনি

গাজী টায়ারস: ভবনের বেজমেন্টে আগুন পৌঁছায়নি, সেখানে কোনো ‘ভিক্টিম’ নেই

গাজী টায়ারস: ক্ষতিগ্রস্ত ভবনে ঢুকে উদ্ধার অভিযান চালানো ‘খুবই বিপজ্জনক’

গাজী টায়ারসে উদ্ধার অভিযান নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

গাজী টায়ারসে আগুন-লুটপাট: জেলা প্রশাসনের ৮ সদস্যের তদন্ত কমিটি

গাজী টায়ারস: ৪ দিনেও শুরু হয়নি উদ্ধার অভিযান

গাজী টায়ারসে আগুন-লুটপাট: জেলা প্রশাসনের ৮ সদস্যের তদন্ত কমিটি

গাজী টায়ারসে আগুন: এবার নিখোঁজদের তালিকা করছে প্রশাসন ও শিক্ষার্থ

'আমার ভাইয়ের লাশটাও পাইতেছি না গো'

গাজী টায়ারস: ৩২ ঘণ্টা পর নিভেছে আগুন, ভবন ধসের শঙ্কা

গাজী টায়ারস: মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো, তারপর লুটপাট-আগুন

গাজী টায়ার: ২২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে, তবে পুরোপুরি নেভেনি

গাজী টায়ারস: ২১ ঘণ্টায়ও নেভেনি আগুন, লুটপাট চলছেই

লুটপাট-নাশকতা: ১৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি গাজী টায়ার কারখানা