২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিদ্যালয়ের জমি বুঝে নিতে গিয়ে’ প্রাণ হারালেন সভাপতি

গোপালগঞ্জে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের সঙ্গে বর্তমান সভাপতির বিরোধ চলছিল।

‘বিদ্যালয়ের জমি বুঝে নিতে গিয়ে’ প্রাণ হারালেন সভাপতি

শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2023, 10:43 PM

Updated : 03 May 2023, 10:43 PM

গোপালগঞ্জের কাশিয়ানীতে এক বিদ্যালয়ের জমি বুঝে নিতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে প্রাণ হারিয়েছেন ম্যানেজিং কমিটির সভাপতি।

বুধবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে জমি পরিমাপ করার সময় এ ঘটনা ঘটে বলে কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) শাহীন মামুন জানান।

নিহত ৭০ বছর বয়সি মো. রফিকুল ইসলাম শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।

এদিকে পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়দের বরাতে শাহীন মামুন বলেন, “বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে মাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমানের সঙ্গে রফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

“দুপুরে স্থানীয়দের নিয়ে রফিকুল বিদ্যালয়ের জমি মেপে বুঝে নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন রফিকুলকে মারধর করেন।”

পুলিশ জানায়, স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রফিকুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতির কথা জানিয়ে পরিদর্শক শাহীন মামুন জানান, জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।