২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে লজ্জাবতি বানর উদ্ধার, মধুটিলা ইকোপার্কে অবমুক্ত

ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের বন থেকে পাথর বা কয়লাবাহী ট্রাকে উঠে বানরটি স্থলবন্দরে আসতে পারে বলে ধারণা স্থানীয়দের।

শেরপুরে লজ্জাবতি বানর উদ্ধার, মধুটিলা ইকোপার্কে অবমুক্ত

উদ্ধার করা বিরল প্রজাতির লজ্জাবতি বানর।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2023, 11:51 AM

Updated : 01 Apr 2023, 11:51 AM

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে উদ্ধার করা বিরল প্রজাতির একটি লজ্জাবতি বানরকে গারো পাহাড় সংলগ্ন মধুটিলা ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার সীমান্তবর্তী নাকুগাঁও স্থলবন্দর এলাকা থেকে উদ্ধার করা বানরটিকে শুক্রবার রাতে অবমুক্ত করা হয় বলে জানিয়েছেন মধুটিলা রেঞ্জের রেঞ্জার রফিকুল ইসলাম।

রেঞ্জার রফিকুল জানান, নাকুগাঁও স্থলবন্দর সংলগ্ন চারালি বাজারের বাসিন্দা আব্দুল মান্নান বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়ির একটি পেয়ারা গাছে এ বিরল প্রজাতির বানরটি প্রথমে দেখতে পান।

আব্দুল মান্নান উপজেলার ৪ নম্বর নায়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।

প্রাণীটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা কৌতুহলের সৃষ্টি হয়। কেউ এটাকে ভল্লুক ছানা, কেউ বলে পান্ডা, কেউ বলে বানর ইত্যাদি হিসেবে বর্ণনা করেন।

পরে স্থানীয় এক ব্যক্তি ৯৯৯ এ ফোন দিলে নালিতাবাড়ী থানা পুলিশসহ সেখানে গিয়ে ওই বিরল প্রজাতির বানরটি উদ্ধার করেন বলে জানান রেঞ্জার রফিকুল ইসলাম।

স্থানীয়দের ধারণা বানরটি ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের বন থেকে ভারতীয় পাথর বা কয়লাবাহী ট্রাকের ওপরে উঠে নাকুগাঁও স্থলবন্দরে আসতে পারে।

পরে বন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শুক্রবার রাতে লজ্জাবতি বানরটিকে মধুটিলা ইকোপার্কে ছেড়ে দিলে বনের ভিতর একটি গাছে উঠে যায় বন্যপ্রাণীটি।

রফিকুল ইসলাম বলেন, গারো পাহাড় এলাকায় লজ্জাবতি বানরের খুব বেশি বিচরণ নেই। তবে বেশ কিছু দিন আগে এ রকম একটি বানর উদ্ধার করা হয়েছিল এই এলাকায়। হয়তো অন্য কোথাও থেকে এটি পথ হারিয়ে চলে এসেছে।

“বিরল প্রজাতির এ বানরটি মূলত দিনের বেলায় চোখে দেখে না। তাই এটিকে রাতের আঁধারে অবমুক্ত করা হয়েছে”, বলেন এই বন কর্মকর্তা।