খাগড়াছড়িতে বসতবাড়ি থেকে উদ্ধার করা চিতা বিড়াল বনে অবমুক্ত
শহরের একটি বসতবাড়ি থেকে প্রাণীটি উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা।
খাগড়াছড়ি শহরে বসতবাড়ি থেকে উদ্ধার করা একটি চিতা বিড়াল আলুটিলায় সংরক্ষিত বনে অবমুক্ত করেছে বন বিভাগ।
শনিবার বিকালে শহরের ইসলামপুর এলাকা থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন খাগড়াছড়ি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।
তিনি বলেন, “সকালে একটি চিতা বিড়াল বসতবাড়িতে ঢুকে পড়ে। স্থানীয়রা আমাদের জানালে সেটি উদ্ধার করি। উদ্ধারের সময় চিতা বিড়ালটি বন বিভাগের দুই কর্মীকে কামড় দেয়। পরে চিতা বিড়ালটিকে আলুটিলায় সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।”
তবে উদ্ধার করা বন্যপ্রাণী অবমুক্ত করার ক্ষেত্রে সতর্ক হওয়ার অনুরোধ জানিয়েছেন পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ কেন্দ্রের প্রতিষ্ঠাতা মাহফুজ রাসেল।
তিনি বলেন, “যদি কোনো বন্যপ্রাণী উদ্ধার হয়, সেক্ষেত্রে প্রাণীটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ রাখতে হয়। প্রাণীটি অসুস্থ বা কোনো সমস্যা যদি মনে হয়, সেক্ষেত্রে রিহ্যাবিলিটেশন সেন্টার বা কেয়ার সেন্টারে রাখতে হবে। বন্যপ্রাণীর চিকিৎসার জন্য বন বিভাগের কোনো সেন্টার নেই।
“আমাদের পিটাছড়ায় প্রাণীদের সুরক্ষা ও চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আজকে যে চিতা বিড়ালটি উদ্ধার হয়েছে, সেটিকে কয়েকদিন পর্যবেক্ষণে রেখে অবমুক্ত করলে ভালো হত। প্রাণীটিকে কিছুটা অসুস্থ মনে হয়েছে।”
