২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় দম্পতির যাবজ্জীবন

২০১৪ সালের ২০ মার্চ দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে পালশা মিশন বাজারে বাস থেকে নামিয়ে জসীম উদ্দীনকে বেধড়ক মারধর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় দম্পতির যাবজ্জীবন

হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত খায়রুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2024, 03:09 PM

Updated : 11 Jan 2024, 03:09 PM

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় এক দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক রবিউল ইসলাম এ রায় দেন বলে জানিয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিটর (পিপি) রবিউল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পালশা মিশন বাজারের মো. এসরাইলের ছেলে খায়রুল ইসলাম ও তার স্ত্রী লাল বানু ওরফে লাইলী।

বৃহস্পতিবার খায়রুল ইসলাম উপস্থিত থাকলেও লাল বানু ওরফে লাইলীর অনুপস্থিতিতে আদালত রায় প্রদান করেন।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে খালাস দেওয়া হয়।

মামলার নথির সূত্রে রবিউল জানান, ২০১৪ সালের ২০ মার্চ দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে পালশা মিশন বাজারে বাস থেকে নামিয়ে নাচোল উপজেলার বেলডাঙ্গা গ্রামের জসীম উদ্দীনকে বেধড়ক মারধর করা হয়।

লোহার রড ও লাঠি দিয়ে মারধরের ফলে জ্ঞান হারিয়ে ফেলেন জসিম উদ্দীন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই দিনই জসীম উদ্দীনের বাবা আমির আলী বাদী হয়ে সদর থানায় খায়রুল ইসলাম ও লাল বানুসহ ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় ২০১৭ সালের ২৩ অক্টোবর তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

দীর্ঘ বিচার কাজ চলার সময় আদালত ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করে। পরে বৃহস্পতিবার দুপুরে আদালত এই মামলার রায় ঘোষণা করেন।

রায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন বলে জানান পিপি রবিউল।