২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

উপস্থাপক ফারুকী হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি ফের পেছাল

২০২৪ সালের ৫ নভেম্বর ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Oct 2026, 02:19 PM

Updated : 25 Oct 2026, 02:19 PM

এক যুগ আগে ঢাকার পূর্ব রাজাবাজারের বাসায় ঢুকে ইসলামী ফ্রন্টের নেতা ও টেলিভিশনে ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকীকে হত্যার ঘটনায় করা মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দিয়েছে আদালত।

রোববার এক আসামির আইনজীবীর সময়ের আবেদন মঞ্জুর করে ঢাকার নবম অতিরিক্ত মহানগর দায়রা জজ শহিদুল ইসলাম শুনানির দিন পিছিয়ে ৮ নভেম্বর রাখেন।

বেঞ্চ সহকারি রাশিদুল ইসলাম এ তথ্য দিয়ে বলেছেন, এদিন কারাগারে থাকা আসামি হাদিসুর রহমান সাগরকে আদালতে হাজির করা হয়নি। এজন্য আদালত অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে নতুন তারিখ দিয়েছেন।

তবে জামিনে থাকা আব্দুল্লাহ আল তাসনিম নাহিদ, ইঞ্জিনিয়ার ওরফে রিয়াজ ওরফে রিপন, ও আবু রায়হান মাহমুদ আব্দুল হাদী আদালতে হাজিরা দেন।

মামলার দুই আসামি মাহমুদ ইবনে বাশার ও রফিকুল ইসলাম ফারদীন পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

২০১৪ সালের ২৭ অগাস্ট রাতে বাসা ঢুকে নুরুল ইসলাম ফারুকীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।

এ ঘটনায় ফারুকীর বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে ফয়সাল ফারুকী শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে বাসার কলিং বেল বাজে। দরজা খোলার পর দুজন ঢুকে নুরুল ইসলাম ফারুকীর সঙ্গে ড্রয়িং রুমে বসেন। এর কিছুক্ষণ পর আরও ৬ থেকে ৭ জন বাসায় প্রবেশ করে। বসার স্থান সংকুলান না হওয়ায় ফয়সাল ফারুকীর মামাতো ভাই মারুফ হোসেন ভেতর থেকে চেয়ার আনতে যান। তিনি ফিরে এসে দেখে নুরুল ইসলামের মাথায় পিস্তল ও চাপাতি ধরে রেখেছে আসামিরা। পরে তারা বাসার সবাইকে বেঁধে নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করে এবং বাসা থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও ক্যামেরা নিয়ে যায়।

ঘটনার ১০ বছর পর ২০২৪ সালের ৫ নভেম্বর ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার কে এম আবুল কাশেম।

হত্যার অভিযোগে মামলা হলেও সিআইডি পুলিশ আসামিদের বিরুদ্ধে খুন ও ডাকাতির অভিযোগ এনেছে।

পুরনো খবর:

আসামির ‘মোবাইল ফোন বন্ধ’, ফারুকী হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি পেছাল