উপজেলা নির্বাচন: সেন্ট মার্টিনে ভোট স্থগিত
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় সেন্ট মার্টিনে নির্বাচনি সরঞ্জাম ও ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা যেতে পারেননি।”
বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় কক্সবাজারের সেন্ট মার্টিনে ইভিএম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যেতে না পারায় সেখানকার ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।
বুধবার তৃতীয় ধাপে টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ইউনিয়ন এই উপজেলাতেই অবস্থিত।
চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দীন পাটওয়ারী বলেন, মঙ্গলবার রাত ৮টায় এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় সেন্ট মার্টিনে নির্বাচনি সরঞ্জাম ও ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা যেতে পারেননি। এ কারণে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক ৬০ নম্বর জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।”
টেকনাফ উপজেলায় ৬০টি কেন্দ্রে মোট ভোটার রয়েছে ১ লাখ ৮০ হাজার ৪২০। এর মধ্যে পুরুষ ৯১ হাজার ৮৮০ ও নারী ৮৮ হাজার ৫৩৮।
বুধবার উপজেলার ৫৯ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এরই মধ্যে সব কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সন্ধ্যার মধ্যে পৌঁছেছেন।
এ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন করে মোট নয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
