সড়ক আটকে সভা: স্বতন্ত্র প্রার্থী মুরাদ জংকে অনুসন্ধান কমিটির তলব
নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
মহাসড়ক বন্ধ করে সভা এবং ট্রাক ও মোটরসাইকেল নিয়ে মহড়া করায় ঢাকা-১৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং মুরাদের কাছে ব্যাখ্যা চেয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
আগামী ২৬ ডিসেম্বর সকাল ১০টায় তাকে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান, সিনিয়র সহকারী জজ জাকির হোসেন এ সংক্রান্ত একটি চিঠি তৌহিদ জং মুরাদের কাছে পাঠিয়েছেন বলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান।
চিঠিতে বলা হয়েছে, “প্রতীক বরাদ্দের পরদিন ১৯ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাভার পৌরসভার শিমুলতলা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল ও জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে সভা করেন। এছাড়া ট্রাক ও মোটরসাইকেল ব্যবহার করে শোডাউন করেছেন তিনি। এতে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ৬ (ঘ) এবং ৮ (ক) বিধি লঙ্ঘন হয়েছে।
“বিধিমালা লঙ্ঘনের কারণে কেন নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে প্রতিবেদন প্রেরণ করা হবে না এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, আগামী ২৬ ডিসেম্বর সকাল ১০ টায় ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হল।”
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানকেও কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছিল নির্বাচন কমিশন-ইসি।
আরও পড়ুন:
