বরিশালে বাইক চালক হত্যায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
২০১৯ সালে বাইক চালক ফয়সালের পথ আটকিয়ে রড দিয়ে তার মাথায় আঘাত করে হত্যা করেন আসামিরা।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালককে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার বরিশাল জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা চার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) ওবায়দুল্লাহ সাজু জানান
মৃত্যুদণ্ড প্রাপ্ত রাসেল হাওলাদার (৩০) বরগুনার সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মাইঠা চেয়ারম্যান বাজার এলাকার বাসিন্দা।
যাবজ্জীবন প্রাপ্তরা হলেন- ওই গ্রামের বাসিন্দা বেল্লাল হোসেন (৩৩), শাহিন মিয়া (৩২) এবং ইদ্রিস হাওলাদার (৩০)।
মামলার বরাতে পিপি সাজু বলেন, ২০১৯ সালের ৪ মার্চ বাকেরগঞ্জ উপজেলার বালি গ্রামে শহিদুল ইসলামের বাড়িতে গভীর নলকূপ স্থাপন করতে আসেন আসামিরা। পরদিন রাত সাড়ে ১১টার দিকে ওই গ্রামের সড়কে ভাড়ায় মোটরসাইকেল চালক ফয়সালকে একা পান তারা।
তখন ফয়সালের পথরোধ করে রড দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে ওই আসামিরা। এরপর গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে ফয়সালকে হত্যা করে পাশের এক দোকানের পেছনে লাশ লুকিয়ে ফেলে।
তিনি আরও বলেন, পরে রাতেই ফয়সালের মোবাইল ফোন, টাকা ও মোটরসাইকেলের ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে মারামারি করেন আসামিরা। এরপর ওই বাড়ির গৃহকর্তা শহিদুল এসে মারামারি থামানোর সময় মোবাইল ফোনে ফয়সালের ছবি দেখতে পান।
পরে তার ঘরে পেছনে মোটরসাইকেল দেখে পাশের গ্রামের ফয়সালের বাবা নুরুল ইসলামকে খবর দেয় তিনি। এরপর নুরুল ইসলাম এসে তার ছেলের মোটরসাইকেল শনাক্ত করেন।
এরপর চারজনকে আটক করা হলে তারা ফয়সালকে হত্যা করে লাশ লুকিয়ে ফেলার কথা স্বীকার করেন। পরে খবর দিলে পুলিশ এসে ফয়সালের লাশ উদ্ধার করে তাদের গ্রেপ্তার করে।
আইনজীবী বলেন, এ ঘটনায় নুরুল ইসলাম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় হত্যা মামলা করে।
বাকেরগঞ্জ থানার পরিদর্শক নকীব আকরাম হোসেন পাঁচজনের বিরুদ্ধে ২০২০ সালের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন। ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ আদালত এ রায় দেয়।
রায়ে আদালত আসামি রাসেলকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
