২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘আগুন লাগলেও মাটি থাকে, নদী ভাঙলে কিছুই থাকে না’

পাউবো জানিয়েছে, কুড়িগ্রামের তিস্তা, ধরলা, দুধকুমার,ব্রহ্মপুত্রসহ ১৬ নদ-নদীর ২৬টি পয়েন্টে ২৫ কিলোমিটার ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে।

‘আগুন লাগলেও মাটি থাকে, নদী ভাঙলে কিছুই থাকে না’

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমণ্ডল গ্রাম নদী ভাঙ্গনের কবলে পড়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2023, 11:35 PM

Updated : 04 Jul 2023, 11:35 PM

কুড়িগ্রামে নদ-নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে ভাঙ্গন। এমন পরিস্থিতিতে আতঙ্কে দিন কাটছে নদী তীরবর্তী বাসিন্দাদের।

ভাঙ্গন রোধে স্থানীয় প্রশাসনসহ জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েও কোনো প্রতিকার মিলছে না বলে অভিযোগ বাসিন্দাদের।

ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমণ্ডল গ্রামের বাসিন্দা বদিউজ্জামান পেশায় একজন কৃষক। ২০-২২ শতাংশ জমির ওপর চারটি টিন সেডের ঘর রয়েছে তার। একটিতে গবাদিপশু এবং বাকিগুলোতে পরিবারের সদস্যরা বসবাস করেন।

বছর তিনেক আগেও তার সাড়ে চার বিঘা আবাদি জমি ছিল। বর্তমানে সেগুলো ধরলা নদীর পেটে চলে গেছে। এখন শেষ সম্বল বসতভিটাটুকু ধরলার ভাঙ্গন থেকে মাত্র ১০ হাত দূরে। এটি বিলীন হয়ে গেলে মাথা গোঁজার শেষ আশ্রয় আর থাকবে না। ফলে নির্ঘুম রাত কাটছে বদিউজ্জামানের। 

তার মত একই অবস্থা নুর নবী মিয়ার। নদী ভাঙ্গনের হুমকিতে পড়ায় পরিবার নিয়ে বাপ-দাদার ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে যেতে হচ্ছে।

সরজমিনে দেখা গেছে, এমন দুর্ভোগ আর করুণ পরিস্থিতি বিরাজ করছে চর গোরকমণ্ডলে। এরই মধ্যে ধরলার ভাঙ্গনে এ এলাকায় প্রায় আড়াই শতাধিক পরিবার ঘরবাড়ি হারিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

নদীতে প্রায় আড়াইশ বিঘা কৃষিজমি হারিয়ে পথে বসেছেন অনেক কৃষক। স্থানীয় প্রশাসনসহ সংসদ সদস্যের কাছে গিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ ভাঙ্গন কবলিতদের।

চর গোরকমণ্ডল এলাকার বাসিন্দা বদিউজ্জামান বলেন, “আমার সাড়ে চার বিঘা কৃষিজমিসহ বসতবাড়ি ছিল। কয়েক বছরের মাথায় ধরলার ভাঙ্গনে কৃষিজমি এখন নদীগর্ভে চলে গেছে। এখন বাড়ি ভিটেটুকুও ভাঙ্গনের মুখে পড়েছে। জায়গা-জমি না থাকায় এখন ঘরগুলো সরাতে পারিনি। ভেঙে গেলে আল্লাহ যেখানে আশ্রয় দেবেন সেখানে যেতে হবে।” 

একই এলাকার নুর নবী মিয়া বলেন, “নদীর ভাঙ্গন যেভাবে শুরু হয়েছে তাতে করে আর বাপ-দাদার ভিটেটুকুতে থাকা হচ্ছে না। তাই আগাম প্রস্তুতি হিসেবে ঘরবাড়ি সরিয়ে নিয়ে অন্যত্র চলে যাচ্ছি পরিবারসহ।” 

ভাঙ্গনের শিকার আব্দুল গণি বলেন, “গত বছর থেকে ধরলা নদীর ভাঙ্গন তীব্র হয়েছে। ডিসি, নির্বাহী প্রকৌশলী এবং এমপির কাছে গ্রামবাসী গেছিলাম। কিন্তু তারা শুধু দুই হাজার জিও ব্যাগ দিছিল ভাঙ্গন রোধে। বর্তমানে সেই জিও ব্যাগসহ চর গোরকমণ্ডল এলাকার একটি রাস্তা চলে গেছে।” 

নদী তীরবর্তী শহিদুল ইসলাম বলেন, ভাঙ্গনে বজরা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আর রক্ষা করা যায়নি। সেই সঙ্গে ঠিকানা হারিয়েছে অর্ধশতাধিক পরিবার।

আরও  দেড় শতাধিক বসতবাড়ি ভাঙ্গনের হুমকিতে রয়েছে বলে জানান শহিদুল।

এই গ্রামের আব্দুল খালেক বলেন, “আগুন লাগলেও মাটি থাকে, কিন্তু নদী ভাঙলে কিছুই থাকে না। এইবার নিয়ে ১২ বার তিস্তা নদীর ভাঙ্গনে পড়েছি। ঘরবাড়ি সরাতে সরাতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। ঠাঁই নেওয়ার মতো কিছুই নেই।

“বাধ্য হয়ে রাস্তার মধ্যে জিনিসপত্র রেখেছি। এখন আমরা কোথায় যাব, কি করব? সেই চিন্তায় ঘুম আসে না। আমরা ত্রাণ,টাকা-পয়সা কিছুই চাই না। আমরা চাই, তিস্তা নদীতে স্থায়ীভাবে ভাঙ্গন রোধে সরকার কাজ করুক।”

নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান হাছেন আলী বলেন, চর গোরকমণ্ডল এলাকার নদীর তীব্র ভাঙ্গন উদ্বেগ বাড়িয়েছে। দ্রুত এ এলাকার ভাঙ্গন রোধে স্থায়ী কার্যকরী ব্যবস্থা না নিলে শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার, পাঁচ শতাধিক পরিবারসহ কৃষিজমি এবং প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন মুজিব কেল্লাটি হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুন বলেন, জেলার বৃহৎ তিস্তা, ধরলা, দুধকুমার এবং ব্রহ্মপুত্রসহ ১৬টি নদ-নদীর ২৬টি পয়েন্টে ২৫ কিলোমিটার ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে। এরমধ্যে সাড়ে চার কিলোমিটার ভাঙ্গন কবলিত এলাকায় কাজ চলমান রয়েছে।

তিনি আরও বলেন, এ ছাড়া জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মালামাল রয়েছে ভাঙ্গন মোকাবিলায়।