কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ৫ হাজার পরিবার ঘরছাড়া: সংসদে অভিযোগ
দূষণের কারণে ওই এলাকার কৃষি, মৎস্যসম্পদ ও মানুষের স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে সংসদে অভিযোগ তুলেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) শিল্পবর্জ্যে গোমতী নদী ও আশপাশের এলাকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
তার দাবি, দূষণের কারণে পাঁচ হাজার পরিবার ঘরছাড়া হয়েছে। কৃষি, মৎস্যসম্পদ ও মানুষের স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জাতীয় সংসদে সোমবার কার্যপ্রণালি বিধির ৬০ অনুযায়ী অর্ধঘণ্টার আলোচনায় কুমিল্লা-৬ আসনের এই সংসদ সদস্য এসব অভিযোগ করেন। গত ১০ নভেম্বর গোমতী নদী থেকে অবৈধ মাটি উত্তোলন নিয়ে তার প্রশ্নের জবাবের পরিপ্রেক্ষিতে এ আলোচনা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
মনিরুল হক চৌধুরী বলেন, “গোমতী নদী ও এর দুই পাশের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ক্ষতি হচ্ছে। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের পাশাপাশি নদী ও খাল ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। অতীতে নেওয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের সুফলও নষ্ট হয়ে গেছে।”
কুমিল্লা ইপিজেডের বর্জ্য নিয়ে অভিযোগ তুলে তিনি বলেন, “ইপিজেডের বর্জ্যের কারণে নোয়াখালী অঞ্চল পর্যন্ত পরিবেশের যে বিপর্যয় ঘটেছে, পাঁচ হাজার পরিবার ঘরছাড়া হয়ে গেছে।”
দূষণের কারণে মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছে বলেও দাবি করেন তিনি। মনিরুল হক বলেন, “ইপিজেডের বর্জ্য স্থানীয় খালে ফেলা হচ্ছে। এতে জলাশয়ের মাছ ও অন্যান্য প্রাণী বিলুপ্ত হওয়ার পাশাপাশি কৃষিকাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্তের দাবি তুলে তিনি বলেন, “আমার কথা মিথ্যা হলে আমি সংসদ থেকে পদত্যাগ করব। আপনি একটা তদন্ত করে দেখেন। পরিবেশ অধিদপ্তর একাধিকবার প্রতিবেদন দিলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ক্ষতিপূরণের আদেশও বাস্তবায়িত হয়ন।”
কুমিল্লা, নোয়াখালী ও আশপাশের এলাকার জলাবদ্ধতা দূর করতে নদী ও খাল পুনঃখনন এবং বর্জ্যদূষণ বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
জবাবে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “গোমতী নদীর নাব্যতা কমে যাওয়া, অবৈধ মাটি উত্তোলন এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ক্ষতির বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। কুমিল্লার বুড়িচং উপজেলার অন্তত ২০টি স্থানে অবৈধ মাটি উত্তোলনের অভিযোগ প্রকাশিত হয়েছে। গত এক দশকে নদীর চরাঞ্চলের প্রায় চার হাজার একর জমির উপরিভাগের মাটি কেটে নেওয়ার অভিযোগও রয়েছে।
“শুধু নদী খনন করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধে প্রশাসনিক ও কারিগরি ব্যবস্থা নিতে হবে। এ জন্য নদীর সীমানা নির্ধারণ, নিয়মিত অভিযান এবং স্যাটেলাইট ছবি ও ড্রোনের মাধ্যমে নজরদারির উদ্যোগ রয়েছে। গোমতী নদীকে দীর্ঘমেয়াদে সংরক্ষণ করতে হলে শুধু ড্রেজিং যথেষ্ট নয়। অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধের জন্য সমন্বিত প্রশাসনিক ও কারিগরি উদ্যোগ প্রয়োজন।”
পানিসম্পদমন্ত্রী জানান, লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লা জেলার সমন্বিত নদী, বন্যা ও পানি ব্যবস্থাপনা নিয়ে একটি সম্ভাব্যতা সমীক্ষা চলছে। এ জন্য পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মন্ত্রণালয় যাচাই করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠাবে।
