১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৩২ ঘণ্টা পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

এই কারখানা থেকে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও উত্তরবঙ্গের ১৬ জেলায় সার সরবরাহ করা হয়।

৩২ ঘণ্টা পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

জামালপুরের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2023, 05:23 PM

Updated : 10 May 2023, 05:23 PM

৩২ ঘণ্টা বন্ধ থাকার পর আবার উৎপাদন শুরু হয়েছে দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের যমুনা সার কারখানায়। 

বুধবার প্রথম প্রহরে ইউরিয়া উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন কারখানাটির জিএম (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন। 

তিনি বলেন, “সোমবার কারখানার অ্যামোনিয়া প্লান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সন্ধ্যা সাতটার পর ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর কারখানার প্রকৌশলীরা যান্ত্রিক ত্রুটি সারাতে কাজ শুরু করেন।” 

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা। এর উৎপাদন ক্ষমতা গড়ে প্রতিদিন ১ হাজার ৭০০ মেট্রিক টন। 

এই কারখানা থেকে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও উত্তরবঙ্গের ১৬ জেলায় সার সরবরাহ করা হয়। 

এর আগে সবশেষ গত ২৩ জানুয়ারি এ সার কারখানায় ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। সেদিন এক ভারতীয় বিশেষজ্ঞের কারখানা পরিদর্শনের সময় হঠাৎ বিস্ফোরণের পর উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানিয়েছিলেন কারখানার ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (এমটিএস) মো. আফাজ উদ্দিন। 

এছাড়া গ্যাস সংকটের কারণে গত বছরের ২১ জুন থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত কারখানাটিতে উৎপাদন বন্ধ ছিল। 

আরো পড়ুন:

পুরানো খবর:

যান্ত্রিক ত্রুটি: যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

পুরানো খবর:

গ্যাস সংকট: ৬ মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা