কুষ্টিয়া থেকে অপহৃত যুবকের কঙ্কাল চুয়াডাঙ্গায় উদ্ধার
সবুজকে হত্যা করে লাশ চুয়াডাঙ্গার ঘোড়ামারা সেতুর কাছে ফেলে যান তিন যুবক।
কুষ্টিয়া থেকে অপহৃত এক ইজিবাইক চালকের কঙ্কাল চুয়াডাঙ্গা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার ঘোড়ামারা সেতু এলাকা থেকে বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার করা হয় বলে জানান চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
নিহত সবুজ মণ্ডল (৩০) কুষ্টিয়ার বাড়াদী থানাপাড়ার বাচ্চু মণ্ডলের ছেলে। গত ২০ অগাস্ট থেকে নিখোঁজ ছিলেন তিনি।
আটকরা হলেন- কুষ্টিয়ার বারখাদা ত্রিমহনী গ্রামের নজরুল ইসলামের ছেলে জনি হোসেন (২৮), বারাদী কানাবিল এলাকার শফিকুল ইসলামের ছেলে তুষার ইসলাম (২১) ও চাকুলিয়া গ্রামের সরোয়ার প্রামাণিকের ছেলে বাচ্চু প্রামানিক (২৬)।
অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, ২০ অগাস্ট ছিনতাইয়ের উদ্দেশে সবুজের ইজিবাইক ভাড়া করেন তিন যুবক। পরে তাকে হত্যা করে লাশ চুয়াডাঙ্গার ঘোড়ামারা সেতুর কাছে ফেলে যান তারা। এ ঘটনায় সবুজের পরিবার কুষ্টিয়া সদর থানায় একটি অভিযোগ করেন।
পরে অনুসন্ধান চালিয়ে ওই তিনজনকে আটক করে পুলিশ; তাদের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার বিকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
