সিলেটে গ্রামবাসীর সংঘর্ষ: ৬০০ জনকে আসামি করে মামলা পুলিশের
পানি নিষ্কাশনের জন্য সড়কের পাশে নালা কাটা নিয়ে দুদল গ্রামবাসীর মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয় বলে জানায় পুলিশ।
সিলেট সদরে পানি নিষ্কাশনের জন্য নালা কাটাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ৬০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে জালালাবাদ থানার ওসি সাইফুল আলম রুকন জানান, বুধবার রাতে একটি মামলা করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বুধবার দুপুরে উপজেলার বাদাঘাটের সোনাতলা এলাকায় এ সংঘর্ষ হয় বলে জানান ওসি সাইফুল।
তিনি জানান, পানি নিষ্কাশনের জন্য সড়কের পাশে নালা কাটা নিয়ে সোনাতলা ও মইয়ারচর এলাকার বাসিন্দাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে।
ওসি জানান, সংঘর্ষর মধ্যে চার পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে বলে পুলিশ জানায়।দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজিবি মোতায়েন করা হয়।
স্থানীয়রা জানান, সম্প্রতি সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অধীন কুমারগাঁও-বাধাঘাট সড়কটি চার লেনের কাজ চলছে। এর কারণে সড়কের পাশে মাটি খুঁড়ে রাখা হয়েছে। অপরিকল্পিতভাবে মাটি না ফেলে পাকা নালা নির্মাণের দাবি জানান এলাকাবাসী।
মাটি সঙ্গে সঙ্গে সরিয়ে নেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। বুধবার ভোর থেকে সিলেটে বৃষ্টি শুরু হলে সড়কে জলাবদ্ধতা দেখা দেয়। আর পানি নিষ্কাশনের পথ না থাকায় মইয়ারচর, নয়া কুরুমখলা, নাজিরেরগাঁও এলাকায় বাসাবাড়িতে পানি ঢুকে পড়ে।
এর প্রতিবাদে দুপুরে সিলেট সিটির নবগঠিত ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডের মইয়ারচর, নয়া কুরমখলা, নাজিরেরগাঁও এলাকার বাসিন্দারা কুমারগাঁও-বাদাঘাট সড়ক অবরোধ করেন।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, খবর পেয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ থামানো হয়েছে। পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ বিষয়ে সিলেট সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, এলাকাবাসীর দাবি অনুযায়ী সোনাতলা বাজার এলাকায় পানি নিষ্কাশনের কাজ করতে গেলে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে সওজের কোনো যোগসূত্র নেই।
পানি নিষ্কাশনের সমস্যা সমাধানে পরে উভয় পক্ষের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন এ নির্বাহী প্রকৌশলী।
