বাগেরহাটে আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় আসামি যুবলীগ নেতা
খুব শিগগির সভা ডেকে সোহেলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বাগেরহাট পৌর যুবলীগের আহ্বায়ক।
বাগেরহাটে ঘেরে মাছ ধরতে নিষেধ করায় আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় যুবলীগের এক নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।এ ছাড়া দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে বাগেরহাট সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানান, রোববার নিহতের স্ত্রী মাফুজা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেছেন।
মামলায় পৌর যুবলীগ নেতা সোহেল হাওলাদার ওরফে কালা সোহেলকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
এ মামলার প্রধান আসামি সোহেল হাওলাদার বাগেরহাট পৌর যুবলীগের এক নম্বর সদস্য এবং তিনি আগের কমিটির দপ্তর সম্পাদক ছিলেন।
নিহত আনারুল শেখ (৫৫) ওরফে আনা বাগেরহাট পৌর শহরের বাসাবাটি এলাকার প্রয়াত আব্দুল গনি শেখের ছেলে। তিনি ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন বলে দলটির পৌর শাখার সভাপতি শেখ বশিরুল ইসলাম জানান।
এ মামলায় গ্রেপ্তাররা হলেন-বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বৈটপুর গ্রামের কালাম বয়াতি (৫৫) এবং বাগেরহাট পৌরসভার পূর্ব বাসাবাটি এলাকার আবু বক্কর সিদ্দিক ওরফে নিবাস (৩০)। কালাম বয়াতি মামলার প্রধান আসামি সোহেল হাওলাদারের খালু।
ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, এরমধ্যে সিসি টিভির ফুটেজের মাধ্যমে এই মামলার এজাহারনামী দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মাছের ঘেরের বিরোধে এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিরি আরও বলেন, সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পুলিশ আনারুল শেখের পরিবারের কাছে তার মরদেহটি হস্তান্তর করে।
হত্যার ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বাগেরহাট পৌর যুবলীগের আহ্বায়ক সেখ হুমায়ুন কবির পলি বলেন, “সোহেল হাওলাদার ওরফে কালা সোহেল পৌর যুবলীগের এক নম্বর সদস্য। আওয়ামী লীগ নেতা আনারুল শেখকে পিটিয়ে হত্যার ঘটনায় তার নাম এসেছে বলে শুনেছি। খুব শিগগির দলীয় সভা ডেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।“
গত শনিবার দুপুরে পিরোজপুর-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে মেরিন ইনস্টিটিউটের সামনে লোহার রড় ও লাঠিসোটা দিয়ে আওয়ামী লীগ নেতা আনারুল শেখের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বিকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
