ভোলায় হাতবোমা বিস্ফোরণ, মামলায় বিএনপির নেতাকর্মী
মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে।
ভোলার বোরহানউদ্দিনে মধ্যরাতে হাতবোমার বিস্ফোরণের মামলায় বিএনপিদের আসামি করা হয়েছে।
পক্ষিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বি বুধবার মামলাটি দায়ের করেন বলে বোরহানউদ্দিন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান।
তিনি জানান, মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বরাতে ওসি মনির হোসেন বলেন, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের কর্মীসভা শেষ করে কার্যালয় থেকে বের হয়ে রাত সাড়ে ১২টার দিকে বাড়ি ফিরছিলেন।
“পথে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের শহীদ খানের বাসার সামনে বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মীরা ছাত্রলীগ নেতাকর্মীদের দিকে ককটেলের [হাতবোমা] বিস্ফোরণ ঘটায়।”
ঘটনাস্থলে তিনটি হাতবোমা বিস্ফোরিত হয় এবং পুলিশ অবিস্ফোরিত দুইটি হাতবোমা উদ্ধার করে বলে তিনি জানান।
ওসি মনির আরও জানান, এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত চলমান রয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ ঘটনাকে সাজানো বলে উল্লেখ করেছেন বিএনপি নেতারা।
বোরহানউদ্দিন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান কবিরের দাবি, সরকার দলীয় নেতাকর্মীরা নাশকতা সৃষ্টির লক্ষ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর দোষ চাপাচ্ছেন।
ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে তারা নিজেরাই পুলিশকে খবর দেন বলে তার ভাষ্য।
পক্ষিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বি বলেন, বিএনপির নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে তাদের উপর ককটেল নিক্ষেপ করেছিলেন। সেজন্য তিনি বোরহানউদ্দিন থানায় বেশ কয়েকজন বিএনপির নেতাকর্মীদের আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন।
