২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তানকে ৪২ হাজারে `দত্তক’, পুলিশ ফিরিয়ে দিল মায়ের কোলে

ম্যাজিস্ট্রেটের উপস্থিতে শিশুকে আইনীভাবে দত্তক দিতে বলেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2023, 08:15 PM

Updated : 04 Feb 2023, 01:48 PM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক মা তার দেড় মাস বয়সী সন্তানকে ৪২ হাজার টাকায় ‘দত্তক’ দিয়েছিলেন; পরে পুলিশ গিয়ে শিশুকে আবার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। 

মায়ের দাবি, শিশুটির বাবা তাকে সন্তানের স্বীকৃতি দেননি, অভাবের মধ্যে পড়ে তিনি ছেলেকে ‘দত্তক’ দিতে বাধ্য হয়েছিলেন। 

সংবাদমাধ্যমের কর্মীদের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের আবদার গ্রামের ভাড়াটিয়া ওই মায়ের কাছে যায় পুলিশ।

শ্রীপুর থানার এসআই আবু রায়হান জানান, শিশুটিকে ‘দত্তক’ নিয়েছিলেন নড়াইলের নড়াগাতীর কামশিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন। তিনিও আবদার এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি কেবল কারখানায় টেকনেশিয়ান পদে চাকরি করেন।

“স্ট্যাম্পের মাধ্যমে লেখাপড়া করে ওই নারী ৪২ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে নিঃসন্তান সাদ্দাম হোসেনের কাছে দত্তক দেন। বিষয়টি আইনিভাবে না হওয়ায় টাকা ফেরত দিয়ে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।”

শিশুটির মা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা। তিনি আবদার গ্রামে ভাড়া বাসায় থাকেন।

তিনি বলেন, পাঁচ বছর আগে আবদার (ঢালীপাড়া) গ্রামের হারেজ মিয়ার ছেলে তুহিনের সঙ্গে তার পরিচয়। এরপর তারা পরিবারের অমতে বিয়ে করেন। কিন্তু বিয়ের কোনো নিবন্ধন হয়নি। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে থাকতেন।

তুহিনের এটি ছিল দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী বাড়িতে থাকেন। তাই তাকে বাড়িতে নেননি তুহিন। একই এলাকায় ভাড়া বাসায় তারা থাকতেন বলে শিশুটির মা জানান।

তিনি আরও বলেন, একপর্যায়ে তিনি সন্তান সম্ভবা হন। ৬-৭ মাস আগে হঠাৎ করেই তাকে কিছু না জানিয়ে তুহিন সৌদি আরব চলে যান। এরপর দেড় মাস আগে ছেলের জন্ম হয়। তখন তুহিন তাদের সম্পর্ক ও ছেলেকে অস্বীকার করেন।

এরপর থেকে তুহিন যোগাযোগও বন্ধ করেন দেন জানিয়ে ওই নারী বলেন, তিনি কোনো কাজ করেন না। অভাবের মধ্যে তাকে চলতে হচ্ছে। এ ছাড়া সন্তানকে তার বাবা স্বীকৃতি দেয়নি। এ কারণে তিনি ছেলেকে ‘দত্তক’ দিয়েছেন।

ছেলেটিকে ‘দত্তক’ নেওয়া সাদ্দাম হোসেন বলেন, “১০ বছরের সংসার জীবনে আমি নিঃসন্তান। কোনও সন্তানাদি না হওয়ায় লালন-পালনের জন্য ছেলেকে নেই।“

“শিশুটির মায়ের কোনো পরিচয়পত্র (এনআইডি) না থাকায় স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে স্ট্যাম্পের মাধ্যমে ছেলেটিকে নিয়েছিলাম। আমি ৪২ হাজার দিয়েছিলাম। পরে পুলিশের নির্দেশেই শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেই এবং ওই টাকা ফেরত দিয়ে দেয় আমাকে।”