২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ফিলিং স্টেশনে আগুন: দগ্ধ ২ জনকে ঢাকায় স্থানান্তর

দগ্ধ ওই দুজনের শরীরের ৩৫ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছে চিকিৎসক।

সিলেটে ফিলিং স্টেশনে আগুন: দগ্ধ ২ জনকে ঢাকায় স্থানান্তর

সিলেট নগরীর পাঠানটুলার নর্থ-ইস্ট সিএনজি রি-ফুয়েলিং স্টেশন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2024, 06:05 PM

Updated : 22 Jan 2024, 06:05 PM

সিলেট নগরীর একটি সিএনজি ফিলিং স্টেশনে আগুন লেগে দগ্ধ পাঁচজনের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের কথা জানিয়েছে চিকিৎসক।

একদিন আগের ঘটনায় সোমবার দুপুরে দগ্ধ দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয় বলে জানিয়েছেন ওই হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল মান্নান।

তারা হলেন- নগরীর ঘাসিটুলা এলাকার বেতেরবাজারের জাফর আলীর ছেলে মো. মনতাজ মিয়া (৩৫) ও মিছির আলীর ছেলে মো. মতি মিয়ার (৬০)।

চিকিৎসক আব্দুল মান্নান বলেন, “পাঁচ জনের অবস্থায়ই ঝুঁকিপূর্ণ। তবে যে দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে তাদের শরীরের ৩৫ ভাগ পুড়ে গেছে। এ ছাড়া শ্বাসনালির কিছু অংশ পুড়ে গেছে বলে ধারণা করছি।”

সকাল থেকে তাদের অবস্থার অবনতির হওয়ায় দুপুরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পুরনো খবর:

সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে আগুন, দগ্ধ ৫

বাকি তিনজনের মধ্যে দুজনের শরীরের ৩০ ভাগ এবং একজনের ২৮ ভাগ পুড়ে গেছে বলে জানান সার্জারি বিভাগের এ চিকিৎসক।

রোববার বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর নর্থ-ইস্ট সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্দেশে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।