সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে আগুন, দগ্ধ ৫
দগ্ধ পাঁচজনের মধ্যে দুইজনের মুখ ও শরীরের ৩৫ ভাগ পুড়ে গেছে।
সিলেট নগরীর একটি সিএনজি ফিলিং স্টেশনে আগুন লেগে পাঁচজন দগ্ধ হয়েছেন।
নগরীর পাঠানটুলার নর্থ-ইস্ট সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে রোববার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান জানান।
দগ্ধরা হলেন-সিলেট নগরীর ঘাসিটুলা বেতের বাজার এলাকার মো. জাফর আলীর ছেলে মো. মনতাজ মিয়া (৩৫), একই এলাকার মো. মঙ্গল মিয়ার ছেলে লিটন মিয়া (২৫), মতি মিয়ার ছেলে আলম মিয়া (২৩), মিছির আলীর ছেলে মতি মিয়া (৬০) ও রজনী চন্দ দাসের ছেলে সুভাষ দাস (৫৫)।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুর রহমান বলেন, খবর পেয়েই তাদের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে এর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নর্থ-ইস্ট সিএনজি রি-ফুয়েলিং স্টেশনের পাশে ড্রেন সংস্কারের কাজ করছিল সিলেট সিটি করপোরেশনের শ্রমিকরা। বিকাল সোয়া ৪টার দিকে এক শ্রমিক পাম্পের রিফুয়েলিং মেশিনের কাছেই রড কাটার দিয়ে রড কাটছিলেন। এ সময় আগুনের স্ফুলিঙ্গ স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি তেলবাহী ট্যাংকের পড়লে তাতে আগুন ধরে যায়।
অগ্নিকাণ্ডের পর সিলেট ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও তারা যাবার আগেই সিএনজি পাম্পের কর্মীরা স্টেশনের অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক এম এ মান্নান সাংবাদিকদের জানান, দগ্ধ পাঁচজনের মধ্যে দুইজনের মুখ ও শরীরের ৩৫ ভাগ পুড়ে গেছে। আর বাকিদের মধ্যে দুজনের ৩০ ভাগ আর একজনের ২৮ ভাগ পুড়েছে।
তিনি বলেন, “তাদের চিকিৎসা চলছে। তবে প্রয়োজন পড়লে আইসিইউতে স্থানান্তর করা হতে পারে।’’
এদিকে দগ্ধদের দেখতে সন্ধ্যা সোয়া ৭টার দিকে হাসপাতালে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। হাসপাতালের তৃতীয় তলায় ওয়ার্ডে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং দগ্ধদের খোঁজ নেন তিনি।
অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
কমিটির সদস্যরা হলেন-সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ডিপামেন্টের অধ্যাপক ফরহাদ মোহাম্মদ হাওলাদার ও জালাবাদ গ্যাস লিমিটেডের জিএম (অপারোশন) ইঞ্জিনিয়ার সারওয়ার জাহান মাহমুদ।
এদিকে দগ্ধরা সবাই ‘এমএন ইয়াকুব কনস্ট্রাকশনের’ ডে-লেবার বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির ঠিকাদার মামুন বলেন, “কয়েক মাস আগে সিটি করপোরেশন থেকে পাম্প কর্তৃপক্ষকে চিঠি দিয়ে কনস্ট্রাকশন কাজের ব্যাপারে জানানো হয়। কাজ চলাকালীন পাম্প বন্ধ রাখতে বলার পরও তারা তা করেনি।
“এরপরও তাদের প্রতিদিন কাজ চলার সময় পাম্প বন্ধ রাখতে বলা হলেও তারা জবাবে বলেছেন, আপনারা আপনাদের নিরাপত্তা নিয়ে কাজ করবেন।”
এ বিষয়ে জানতে চাইলে নর্থ-ইস্ট সিএনজি রি-ফুয়েলিং স্টেশন কর্তৃপক্ষ কোন মন্তব্য করতে রাজী হয় নাই।
