১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়া থানা থেকে লুট হওয়া দুটি অস্ত্র মিলল ডোবায়

৫ অগাস্ট বগুড়া সদর থানায় আগুন দিয়ে অস্ত্রাগার থেকে ৩৯টি আগ্নেয়াস্ত্র লুট করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2025, 07:11 PM

Updated : 26 Aug 2026, 11:40 AM

৫ অগাস্ট সরকার পতনের দিন বগুড়া সদর থানা থেকে লুট হওয়া দুটি অস্ত্র ডোবা থেকে উদ্ধার করা হয়েছে।

রোববার বিকালে সদরের এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ী পূর্বপাড়া গ্রামের একটি ডোবা থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয় বলে বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন জানান। 

পুলিশ জানায়, ডোবা থেকে জমিতে সেচের জন্য পানি নিতে গেলে একজন কৃষক কাদা মাটির মধ্যে অস্ত্র দুটির সন্ধান পান। পরে সদর থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে অস্ত্র দুটি উদ্ধার করে। এর মধ্যে একটি এলএমজি এবং একটি চাইনিজ রাইফেল।

ওসি মঈনুদ্দিন বলেন, ৫ অগাস্ট বগুড়া সদর থানায় হামলা করে অগ্নিসংযোগ করা হয়। এ সময় থানার অস্ত্রাগার থেকে বিভিন্ন ধরনের ৩৯টি আগ্নেয়াস্ত্র লুট করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে জনপ্রতিনিধিদের সহযোগিতায় ২৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি ১৫টি অস্ত্রের মধ্যে আরো দুটি অস্ত্র ডোবা থেকে উদ্ধার করা হল।