গাইবান্ধায় বাস, ইজিবাইক ও ট্রাক্টরের সংঘর্ষে নিহত ২
আহত পাঁচ জনকে গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহি বাস, ব্যাটারিচালিত ইজিবাইক ও ট্রাক্টরের ত্রিমুখি সংঘর্ষে দুই জন নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঝিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী।
নিহতরা হলেন- ট্রাক্টর চালকের সহকারী পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপাকুড় গ্রামের শান্ত মিয়া (৩২) এবং ইজিবাইকের যাত্রী সেলিম মিয়া (৩৬)।
পেশায় কাপড় ব্যবসায়ী সেলিম মিয়া পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের নড়াইল গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি জানান, সন্ধ্যার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রিমি পরিবহনের বাসটি গাইবান্ধার দিকে যাচ্ছিলো। পথে মাঝিপাড়া এলাকায় পৌঁছালে পলাশবাড়ীমুখি ট্রাক্টর ও ব্যাটারিচালিত ইজিবাইকের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয় বাসটির।
এতে ঘটনাস্থলে শান্ত মিয়া এবং হাসপাতালে নেয়ার পথে সেলিম মিয়া মারা যান। এ ছাড়া আহত হন বাস ও অটো রিকশার অন্তত পাঁচ যাত্রী।
তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দিবাকরে আরও জানান, দুর্ঘটনায় নিহত দুজনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
