নেত্রকোণায় নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
পুলিশ জানায়, আওয়ালের বিরুদ্ধে খুন, মাদক, অস্ত্র, নাশকতা ও সীমান্তে চোরাচালানসহ একাধিক মামলা রয়েছে।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি।
মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান এ তথ্য জানান।
গ্রেপ্তার আব্দুল আওয়ালের (৫৫) বাড়ি উপজেলার কুল্লাগড়া ইউনিয়নে। তিনি উপজেলা বিএনপির সদস্য সচিব এবং কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের বরখাস্ত হওয়া চেয়ারম্যান।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর বলেন, সোমবার রাতে জেলা শহরের একটি এলাকা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে। তাকে ডিবির কার্যালয়ে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে বিচারিক আদালতে পাঠানো হবে।
আওয়ালের বিরুদ্ধে খুন, মাদক, অস্ত্র, নাশকতা, সীমান্তে চোরাচালানসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
পুলিশের এই কর্মকর্তা বলেন, কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা হত্যায় জড়িত থাকার অভিযোগে ২০২৩ সালে ১০ এপ্রিল আওয়ালকে ইউপি চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হয়। এই হত্যা মামলায় প্রধান আসামি তিনি ।
ওই হত্যা মামলায় আব্দুল আওয়াল জামিনে রয়েছেন; তাকে ২০২৩ সালের ৯ জুন দুর্গাপুর থানায় দায়ের করা নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জানান।
