২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ডেঙ্গুতে আইনজীবীর মৃত্যু

৭৫ বছর বয়সি ওই আইনজীবী গত সোমবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছিলেন বলে জানান তার মেয়ে।

টাঙ্গাইলে ডেঙ্গুতে আইনজীবীর মৃত্যু

আইনজীবী আব্দুল বাছেদ মিয়া

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2023, 11:06 PM

Updated : 18 Aug 2023, 11:06 PM

টাঙ্গাইলে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে জেলা ও দায়রা জজ আদালতের এক জ্যেষ্ঠ আইনজীবীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তার মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহসিনা আক্তার আঁখি জানান।

৭৫ বছর বয়সি আইনজীবী আব্দুল বাছেদ মিয়া গত সোমবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছিলেন।

মহসিনা আঁখি বলেন, “বাসা থেকে প্রথমে বাবাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।”

বাদ জুমা টাঙ্গাইল কোর্ট চত্বরে প্রথম এবং বাদ আসর বাসাইল উপজেলার আইসরায়ে আব্দুল বাছেদ মিয়ার নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এদিকে, টাঙ্গাইলের জেলা সিভিল সার্জন মো. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, “আব্দুল বাছেদ মিয়ার মৃত্যুতে এ বছর জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিনে। এ ছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১ হাজার ১৯২। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০ জন। এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৬০ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৩২ জন।”