২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

খানজাহানের মাজার দীঘিতে মিলল নিখোঁজ ভ্যানচালকের মরদেহ

বাগেরহাটে পাঁচ দিন আগে সকালে প্রহ্লাদ বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ হন বলে জানায় পুলিশ।

খানজাহানের মাজার দীঘিতে মিলল নিখোঁজ ভ্যানচালকের মরদেহ

বাগেরহাটে হযরত খানজাহান আলীর (রহ.) মাজার দীঘি।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2023, 08:32 PM

Updated : 05 Dec 2023, 08:32 PM

বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলীর (রহ.) মাজার দীঘি থেকে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কচুয়া উপজেলা থেকে নিখোঁজের পাঁচ দিন পর মঙ্গলবার দুপুরে দীঘির দক্ষিণপাড়ে মরদেহটি ভেসে উঠে বলে বাগেরহাট সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানান।

নিহত প্রহ্লাদ কুমার দাস (৪৫) উপজেলার বাধাল ইউনিয়নের সাংদিয়া গ্রামের পরিতোষ কুমার দাসের ছেলে।

ওই ভ্যান চালককে পরিকল্পিতভাবে হত্যা করে দুর্বৃত্তরা দীঘিতে মরদেহটি ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।

নিহতের স্ত্রী লিপিকা রানী দাস বলেন, “৩০ নভেম্বর বিকালে প্রহ্লাদ ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। ওইদিন বিকাল ৪টার দিকে তার সঙ্গে কচুয়ার সাইনবোর্ড এলাকায় দেখা হলে বলেন, ‘ভাড়া নিয়ে বাগেরহাট যাচ্ছি, ফিরতে দেরি হবে।’

“রাত ১২টার পরও বাড়িতে না ফেরায় তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে নম্বর বন্ধ পাই। পরে আত্নীয়-স্বজনসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে ১ ডিসেম্বর কচুয়ায় থানায় সাধারণ ডায়েরি করি।”

মঙ্গলবার দুপুরে মাজার দীঘিতে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রহ্লাদকে শনাক্ত করার কথা জানান তিনি।

তিনি আরও বলেন, “আমার স্বামীর সঙ্গে কারো বিরোধ নেই। কেন তাকে হত্যা করল, বুঝতে পারছি না। এ হত্যার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার ও বিচার চাই।”

ওসি আজিজুল ইসলাম বলেন, “মরদেহ দেখে মনে হচ্ছে, চার থেকে পাঁচদিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে দীঘিতে ফেলে গেছে। এ ছাড়া তার ভ্যানটি নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।”

মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

কে বা কারা তাকে হত্যা করল তা উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান ওসি আজিজুল।