নোয়াখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অটোরিকশা যাত্রী মা-মেয়ে নিহত, আহত ২
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, অটোরিকশাটি মোড় ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাকের নীচে চলে যায়।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ট্রাকের নীচে পড়ে অটোরিকশা যাত্রী মা-মেয়ের মৃত্যু হয়েছে। এতে অটোরিকশার আরও দুই যাত্রী আহত হন।
শুক্রবার সকালে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের সুবর্ণচরের হারিছ চৌধুরী বাজারের পূর্বপাশে দারোগা মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে চরজব্বর থানার ওসি হুমায়ুন কবির জানান।
নিহতরা সুবর্ণচরের পূর্ব চরজব্বর গ্রামের মো. শুক্কুরের স্ত্রী শিল্পী আক্তার (৩০) ও তাদের দুই বছর বয়সি শিশু কন্যা শারমিন আক্তার।
আহতরা হলেন- পশ্চিম চরজব্বর গ্রামের প্রয়াত আইয়ুব আলীর ছেলে মো. ফারুক (৩০) এবং একই গ্রামের মো. মোস্তফার ছেলে মো. আব্দুল্লাহ (৩০)।
তাদের চরজব্বর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে হাতিয়ার চেয়ারম্যানঘাট থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জেলা সদরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি সুবর্ণচরের হারিছ চৌধুরীর বাজারের পূর্বপাশে দারোগা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী চলন্ত ট্রাকের নীচে চলে যায়।
এতে অটোরিকশায় মায়ের সঙ্গে থাকা শিশু শারমিন ঘটনাস্থলে মারা যায়।
আশঙ্কাজনক অবস্থায় শিশুটির মা শিল্পী আক্তারকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
ওসি হুমায়ুন কবির জানান, মা-মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতদের স্বজনদের খবর পাঠানো হয়েছে। তাদের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী আইনগত প্দক্ষেপ নেওয়া হবে।
