২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় প্রার্থীর ওপর হামলা, বিএনপির সাবেক এমপির নামে মামলা

একদিন আগে বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মোল্লার গণসংযোগে হামলার ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

বগুড়ায় প্রার্থীর ওপর হামলা, বিএনপির সাবেক এমপির নামে মামলা

সোমবার বগুড়ার কাহালুতে হামলায় আহত স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মোল্লা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 11:43 PM

Updated : 12 Dec 2023, 11:43 PM

দ্বাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মোল্লার ওপর হামলার ঘটনায় বিএনপির সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেনের নামে মামলা হয়েছে। 

ঘটনার একদিন পর মঙ্গলবার রাতে মোশাররফসহ ৩৫ জনের নাম উল্লেখ করে জিয়াউল হক মামলার আবেদন করেন বলে জানিয়েছেন কাহালু থানার ওসি সেলিম রেজা। 

তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে থানায় মামলার আবেদন করেছেন জিয়াউল হক। রেকর্ড প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, সোমবার বিকাল ৪টার দিকে জিয়াউল হক তার লোকজন নিয়ে গণসংযোগে বের হন। এ সময় উপজেলার তিনদীঘি বাজার এলাকায় পৌঁছালে বেশ কয়েকজন যুবক তার মাইক্রোবাসে হামলা চালায়। এতে সময় জিয়াউল হকসহ তার পাঁচ সহযোগী আহত হন। 

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক বলেন, “হামলার মূল পরিকল্পনাকারী বিএনপির সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন। তার নির্দেশে বিএনপির লোকজন আমার ওপর হামলা করেছে। 

“আমি নিরাপত্তা চাই প্রশাসনের কাছে। এভাবে হামলা হলে কীভাবে নির্বাচন করব। সব প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের।” 

এ বিষয়ে জানতে বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের মোবাইলে কল করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।