রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণী নিহত
ধাক্কায় খাদিজা রাস্তার উপর ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দেয়।
রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক তরুণী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাদিরগঞ্জ এলাকার ডলফিন ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম।
নিহত ১৮ বছরের তরুণী খাদিজা তানোরের চন্দনকৌটা গ্রামের আব্দুল খালেকের মেয়ে।
ওসি মাজহারুল ইসলাম জানান, ডলফিন ক্লিনিকের সামনে একটি মালবাহি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী খাদিজা রাস্তার উপর ছিটকে পড়েন। এ সময় ট্রাকটি তাকে চাপা দিলে তিনি গুরতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ট্রাকের চালক ও ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান ওসি।
