নির্বাচন বানচালের চেষ্টা করলে সমুচিত জবাব: স্বরাষ্ট্রমন্ত্রী
ষড়যন্ত্র কিংবা ক্যান্টনমেন্টের শক্তি দিয়ে আর ক্ষমতায় আসা যাবে না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নির্বাচন বানচালের চেষ্টার পরিণতি ভালো হবে না বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হুঁশিয়ার করেছেন।
মঙ্গলবার বিকালে নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না, এমনকি নির্বাচন হতে দেবে না – বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এমন বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।
‘বিএনপি নির্বাচনে করবে কি করবে না এটা তাদের নিজস্ব ব্যাপার’ মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি একজন রাজনীতিবিদ হিসেবে মনে করি তাদের নির্বাচন করা উচিৎ। নির্বাচনী আইন অনুযায়ী মেয়াদ শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে।”
ষড়যন্ত্র কিংবা ক্যান্টনমেন্টের শক্তি দিয়ে আর ক্ষমতায় আসা যাবে না বলে মন্তব্য করেন বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল।
“আমরা অতীতে দেখেছি ষড়যন্ত্রের মাধ্যমে যারা ক্ষময়তায় এসেছিল কিংবা ক্যান্টনমেন্টের শক্তির দিয়ে যারা ক্ষমতায় এসেছিল সেইসব সরকারকে আমাদের আদালত অবৈধ ঘোষিত করেছে – এটা দেশের মানুষ জানে।”
ক্ষমতার বদল করতে হলে যে জনতার রায় নিতে হবে তা আইন ও দেশের মানুষ বোঝে; জনতার রায় সেই নির্বাচনের মাধ্যমেই, বলেন মন্ত্রী।
“আমরা মনে করি নির্বাচন কমিশন খুব শীঘ্রই নির্বাচনের সিডিউল ঘোষণা করবে এবং সেখানে তারা (বিএনপি) আসবে কি আসবে না সেটা তাদের ব্যাপার। আমি আগেই বলেছি রাজনৈতিক দল হিসেবে তাদের নির্বাচনে আসা উচিৎ। আর তারা কী থ্রেট [হুমকি] দিল, এটা বাংলাদেশর মানুষ কোনোদিনই এ সমস্ত আস্ফলন কিংবা কোনোকিছুই তোয়াক্কা করে না।”
মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ সবসময় ‘পিস লাভিং’, তারা সবসময় শান্তি চায়, সমৃদ্ধি চায়, উন্নয়ন চায়; যেটা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন।
“আমি সারা বাংলাদেশে ঘুরে বেড়াই। সারা বাংলাদেশের প্রতি জায়গার মানুষ মনে করে যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন ততদিন দেশ এগিয়ে যাবে।
“কাজেই এ সমস্ত ভয়ভীতি দেখিয়ে বিএনপি নির্বাচন বানচাল করবে আর এদেশের মানুষ বসে থাকবে – এটা কোনো সুষ্ঠু কথা হতে পারে না। নির্বাচন বানচালের চেষ্টা করলে এদেশের মানুষ বিএনপিকে সমুচিত জবাব দেবে।”
নীলফামারীর চিলাহাটী স্থলবন্দরে ইমিগ্রেশন চালুর বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান কামাল বলেন, এটা নিয়ে চিন্তাভাবনা হচ্ছে। আর বন্দর কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নয়; এটির কর্তৃপক্ষ হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে শুধুমাত্র ইমিগ্রেশন।
“এখানকার পোর্ট হলো আমাদের নৌ পরিবহন মন্ত্রীর অধীনে। যেকোনো পোর্ট স্থলবন্দর হোক কিংবা জলবন্দরই হোক সবই নৌ পরিবহন মন্ত্রীর। আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে শুধু ইমিগ্রেশন। কাজেই নৌ পরিবহন মন্ত্রী যে দিনই বলবেন সে দিনই আমার মন্ত্রণালয় থেকে এখানে ইমিগ্রেশন চালু হয়ে যাবে।”
এরপর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নুর, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, গোলাম মোস্তফা, রংপুর অঞ্চলের অতিরিক্ত উপ-মহা পুলিশ পরিদর্শক মিজানুর রহমান, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মমতাজুল হকসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
