ফেনীতে ‘মাহফিলের জন্য বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে’ মাদরাসাছাত্র নিহত
প্রতিষ্ঠানটির সুপার জানান, ছাত্ররা পাশের ঝাড়ে বাঁশ কাটতে যায়। এ সময় একটি কাটা বাঁশ সেখানে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে গেলে ওই শিক্ষার্থী বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারান।
ফেনীতে মাহফিলের জন্য বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন।
বুধবার দুপুরে সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী।
নিহত আশরাফুল ইসলাম (১৮) ওই ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি সদরের বারাহিপুর জামিয়া ইসলামিয়া মাদরাসার ছাত্র ছিলেন।
প্রতিষ্ঠানটির সুপার মমিনুল হক জানান, তাদের মাদরাসার মাহফিলের আয়োজন চলছিল। এ জন্য ছাত্ররা পাশের ঝাড়ে বাঁশ কাটতে যায়। এ সময় একটি কাটা বাঁশ সেখানে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে গেলে শিক্ষার্থী আশরাফুল বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারান। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনী আইনগত ব্যবস্থা চলমান আছে।
