কুমিল্লায় শিশু গৃহকর্মীকে হত্যার দায়ে স্বামী-স্ত্রীর যাবজ্জীবন
২০২০ সালের ২৭ অক্টোবর রাতে সাত বছরের মরিয়মকে নির্যাতন করে হত্যা করা হয়।
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এক শিশু গৃহকর্মীকে হত্যার দায়ে স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাহাঙ্গীর হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) রফিকুল ইসলাম জানান।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর পূর্বপাড়ার প্রয়াত শাহ আলমের ছেলে মো. এনামুল এলাহী শুভ ও তার স্ত্রী নাদরাতুল নাঈম আহমেদ (২২)।
হত্যাকাণ্ডের শিকার মরিয়ম আক্তার (৭) কিশোরগঞ্জের হোসেনপুর থানার পাইকসা গ্রামের মো. সিরাজুল ইসলামের মেয়ে।
মামলার বরাতে এপিপি রফিকুল বলেন, “মরিয়ম দাউদকান্দির গৌরীপুর ইউনিয়নের ভূলিরপাড়ায় এক ভাড়া বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। ২০২০ সালের ২৭ অক্টোবর রাত ২টার দিকে মরিয়মকে শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করেন এনামুল ও তার স্ত্রী। রাতে মরদেহ চাদর দিয়ে পেঁচিয়ে রাখেন তারা।
“পরদিন সকালে এনামুল ও তার স্ত্রী প্রাইভেট কারে করে শিশুটির মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে যান। মরদেহের শরীরে অসংখ্য ছিদ্র ও জখমের চিহ্ন দেখে হোসেনপুর থানায় খবর দেন স্বজনরা। পরে পুলিশ গিয়ে স্বামী-স্ত্রীকে আটক করে।”
এ ঘটনায় ওই বছরের ২৯ অক্টোবর মরিয়মের বাবা বাদী হয়ে স্বামী-স্ত্রীকে আসামি করে দাউদকান্দি থানায় একটি হত্যা মামলা করেন।
এপিপি আরও জানান, মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাজীব কুমার সাহা নাদরাতুল নাঈম ও এনামুলকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের যাবজ্জীবনের পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও ছয়মাস কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।
