১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তেঁতুলিয়ায় মিলল ‘পাথরবাহী ট্রাকে আসা’ অবিস্ফোরিত মর্টার শেল

আমদানি করা ভিনদেশি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে এটি এসেছে, বলছে বিজিবি।

তেঁতুলিয়ায় মিলল ‘পাথরবাহী ট্রাকে আসা’ অবিস্ফোরিত মর্টার শেল
বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা বেষ্টনিতে রাখে মর্টার শেলটি।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2025, 07:19 PM

Updated : 10 Sep 2026, 12:36 PM

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে; যেটি আমদানি করা পাথরবাহী ট্রাকের সঙ্গে এসেছে বলে ধারণা বিজিবির। 

বুধবার সকালে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের পাগলিডাঙ্গি এলাকায় আবুল কালাম আজাদের পাথর ভাঙা পয়েন্টের শ্রমিকরা মর্টার শেলটি দেখতে পেয়ে তাদের খবর দেন বলে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম জানান।

তিনি বলেন, “বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে নিরাপত্তা বেষ্টনিতে মর্টার শেলটি রেখে থানায় খবর দেন। পুলিশ আইনি ব্যবস্থা নেবে।”  

বিজিবি বলছে, মরিচা ধরার কারণে শেলটির তৈরির সঠিক তারিখ বা তথ্য জানা যায়নি। তবে আমদানি করা ভিনদেশি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে এটি এসেছে। 

বাংলাবান্ধা বিওপির ক্যাম্প কমান্ডার আব্দুর রহমান বলেন, “এমনও হতে পারে, ভারত বা ভুটানের বাহিনীর সদস্যরা প্রশিক্ষণের সময় বিস্ফোরকগুলো ব্যবহার করেছেন। সে সময় হয়ত মর্টার শেলটির বিস্ফোরণ ঘটেনি।” 

তিনি বলেন, “যেহেতু বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত এলাকায় মর্টার শেলটি পাওয়া গেছে তাই পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে খবর দেওয়া হয়েছে।”

তেঁতুলিয়া মডেল থানার এসআই আব্দুল মালেক বলেন, “প্রাথমিক তদন্তের পর বিষয়টি আদালতকে জানানো হবে। আদালতের নির্দেশে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেওয়া হবে। তারা দ্রুত মর্টার শেলটি নিষ্ক্রিয় করবেন।”

বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মনিরুল ইসলাম আরো বলেন, এর আগে একই ইউনিয়নের পাথরের এলাকায় অন্তত তিনবার পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করে সেনাবাহিনী নিষ্ক্রিয় করেছে।