২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই কেবল বিএনপি নির্বাচনে যাবে: রিজভী

“ব্যবসায়ী সিন্ডিকেটকে সুবিধা দিয়ে মানুষের পকেট কাটছে সরকার।”

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই কেবল বিএনপি নির্বাচনে যাবে: রিজভী

নারায়ণগঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2023, 06:52 PM

Updated : 05 Aug 2023, 06:52 PM

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পদত্যাগ না করলে বিএনপি নির্বাচনে যাবে না বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী৷

তিনি বলেছেন, “নির্বাচনের আগে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। জাতীয় সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলেই কেবল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে, তার আগে নয়।”

শনিবার দুপুরে রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল নারায়ণগঞ্জ শহরের ডন চেম্বার এলাকায় বিএনপি নেতা প্রয়াত মাহমুদুর রহমানের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে শোক প্রকাশ করেন এবং তাদের সমবেদনা জানান।

২৮ জুলাই রাজধানীতে বিএনপির মহাসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মাহমুদুর রহমান৷

বিএনপি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাজপথে আন্দোলন করছে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, “আন্দোলনের মাধ্যমেই সরকারর পতন ঘটিয়ে গণমানুষের দাবি আদায় করা হবে। এই সরকারের রাতে ভোটের আয়োজনে বিএনপি যাবে না।

“এই সরকারের আমলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ব্যবসায়ী সিন্ডিকেটকে সুবিধা দিয়ে মানুষের পকেট কাটছে সরকার।”

দুর্নীতির মামলায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সাজা প্রসঙ্গে তিনি বলেন, “এটি একটি মিথ্যা মামলা৷ রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করতে সরকার আদালতের মাধ্যমে এই ধরনের সাজাগুলো দিচ্ছে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব আবু আল ইউসুফ খান, জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদুর রহমান সুমন।