নরসিংদীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
পাঁচদোনা-টঙ্গী সড়কে ভাটপাড়া গ্রামের চাকশালে দুর্ঘটনাস্থলে মারা যান দুজন; অপর দুজনের মৃত্যু হয় ঢাকা নেওয়ার পথে।
নরসিংদী সদরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে পাঁচদোনা-টঙ্গী সড়কে পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের চাকশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের দুজন হলেন পাঁচদোনা ইউনিয়নের কামারচরের একাব্বর মিয়ার ছেলে অটোরিকশা চালক মজিবুর রহমান (৩৪) ও টাঙ্গাইলের দেলদুয়ারের শুক্কুর আলীর ছেলে আমির হামজা (৩৭)।
নিহত অপর দুইজন ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।
হতাহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের বরাতে মাধবদী থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, সিলেট থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাঁচদোনা-টঙ্গী সড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ঘোড়াশাল থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা পাঁচদোনার দিকে যাচ্ছিল।
“চাকশাল এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে দুই জন মারা যায়। ঢাকা নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়।”
রকিবুজ্জামান আরও জানান, ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঢাকা নেওয়ার পথে মারা যাওয়া দুজনের লাশ এখনও এখানে আনা হয়নি।
পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।
