২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেবা দিতে কেউ থাকছেন না টুঙ্গিপাড়ার মা ও শিশুকল্যাণ কেন্দ্রে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ১০ শয্যার মা ও শিশুকল্যাণ কেন্দ্রটির একমাত্র চিকিৎসক মাতৃত্বকালীন ছুটিতে। সেবা দিচ্ছিলেন একজন পরিদর্শিকা। তাকেও বদলি করেছে কর্তৃপক্ষ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2022, 07:16 PM

Updated : 02 Aug 2022, 11:57 AM

নতুন নিয়োগ বন্ধ থাকায় এই জটিলতা তৈরি হয়েছে বলে গোপালগঞ্জ পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক মনিরুজ্জামান জানান।

২০২০ সালের অক্টোবর পরিদর্শিকার চারটি শূন্যপদের বিপরীতে একজন এবং একজন চিকিৎসক দিয়ে কেন্দ্রটি চালু হয়। তখন থেকে এখানে প্রতিদিন কমবেশি একশ গর্ভবতী নারী ও কিশোরী স্বাস্থ্যসেবা নেন।

এখন চিকিৎসক ও পরিদর্শিকা দুইজনেরই অনুপস্থিতে দরিদ্র অনেক নারী সেবাবঞ্চিত হবেন বলে আশঙ্কা করছেন।

উপজেলার শ্রীরামকান্দি গ্রামের মিতা খানম বলেন, “পরিদর্শিকা হোসনে আরা বেগম মা ও কিশোরীদের সেবা দিয়ে প্রশংসিত হচ্ছেন। ওনাকে বদলি করা হয়েছে। নতুন কাউকে ওই পদে দেওয়া হয়নি। এতে গর্ভবতী মায়েদের সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ উপজেলা টুঙ্গিপাড়ায় নতুন একজন পরিদর্শিকা পদায়নের দাবি জানাচ্ছি।”

নতুন কাউকে নিয়োগ না দিয়ে কর্মরত পরিদর্শিকাকে বদলি করার প্রতিবাদ জানান তিনি।

কেন্দ্রটির চিকিৎসা কর্মকর্তা ডা. মেহেরুন্নেসাও কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে আপত্তি জানান।

তিনি বলেন, “আমি বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে। হোসনে আরা বেগমের বদলির আদেশ সম্পর্কে কিছু জানি না। প্রধানমন্ত্রীর নিজ উপজেলায় নতুন কাউকে পদায়ন না করে পরিদর্শিকাকে বদলি করা ঠিক হবে না। এতে গর্ভবতী মা ও কিশোরীদের স্বাস্থ্যসেবা বন্ধের আশঙ্কা দেখা দেবে।”

পরিদর্শিকাকে বদলি করার ব্যাখ্যা দিয়েছেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিরুজ্জামান।

তিনি বলেন, “শারীরিক অসুস্থতার জন্য পরিদর্শিকা হোসনে আরাকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে। এদিকে মামলা জটিলতায় আমাদের দপ্তরে নতুন নিয়োগ বন্ধ আছে। তবে কেন্দ্রটিতে দ্রুত নতুন পরিদর্শিকা দেওয়া হবে। পদটি ফাঁকা রাখা হবে না।”

‘মামলা জটিলতা’ সম্পর্কে তিনি কিছু বলেননি।