আত্রাইয়ে নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার
নওগাঁর আত্রাইয়ে দেড় মাস আগে বিয়ে হওয়া এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা গ্রামে শয়ন কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন সুদরানা গ্রামের সাইফুল ইসলাম সরদারের ছেলে মাসুম আলী সরদার (২১) ও তার স্ত্রী লিমা খাতুন (১৯)।
আত্রাই থানার ওসি মো. তারেকুর রহমান জানান, মাসুম ও লিমা খাতুন প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে খাবার শেষে নিজেদের শয়ন কক্ষে ঘুমাতে যান। বুধবার অনেক বেলা হলেও তারা ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজন ও প্রতিবেশীরা গিয়ে স্বামী-স্ত্রীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তারা পুলিশে খবর দিলে আত্রাই থানা পুলিশ গিয়ে ঘরের ভেতর তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
ওসি আরও বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।
তিনি আরও বলেন, পারিবারিক কোনো কারণে তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
