৩০ হাজার মার্কিন ডলারসহ বেনাপোলে নারী আটক
ভারত থেকে আসা এক বাংলাদেশি নারীকে অবৈধভাবে আনা ৩০ হাজার মার্কিন ডলারসহ যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ওই নারীকে আটক করা হয় বলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান।
আটক জেরিন সুলতানা (৩৫) ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার ডেনডাবর গ্রামের বাসিন্দা।
বিজিবি অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের টহলদল প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান নেয়। এ সময় জেরিন সুলতানা ইমিগ্রেশন ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বাইরে এলে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। তখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আইসিপি ক্যাম্পে নেওয়া হয়।
“পরে তার দেহ তল্লাশি করে ৩০ হাজার মার্কিন ডলার পাওয়া যায়; যা বাংলাদেশি মুদ্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকার সমান।”
মামলা দিয়ে জেরিন সুলতানাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
