অভিযানের সময় ‘অসুস্থ’ আসামির হাসপাতালে মৃত্যু
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পুলিশের অভিযানের সময় ‘অসুস্থ’ থাকা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামির হাসপাতালে মৃত্যু হয়েছে।
রোববার ভোরে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ আসামির মৃত্যু হয় বলে ঈদগাঁও থানার ওসি মো. আব্দুল হালিম জানান।
মৃত নুরুল কবির লেদু (৫৫) উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপেরখিল এলাকার সুলতান আহমদের ছেলে।
পুলিশ বলছে, লেদু গত ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি মারামারির ঘটনায় কক্সবাজার সদর থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি। ওই মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
ওসি বলেন, “ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপেরখিল এলাকার একটি বাড়িতে লেদু অবস্থান করছে খবরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় লেদুর পরিবারের সদস্যরা পুলিশকে জানায় যে, তার বুকে ব্যাথা।
"পরে পুলিশের গাড়িতে করে লেদুকে দ্রুত রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। "
পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আশিকুর রহমান বলেন, ভোরে পুলিশ অসুস্থ এক আসামিকে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
" মৃতের শরীরের বাইরে আঘাতের কোন ধরণের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।" বলেন, এ চিকিৎসক।
মৃতের চাচা নুরুল আলম বলেন, লেদু একটি মামলায় পলাতক আসামি ছিল; পুলিশের অভিযানকালে সে বুকে ব্যাথা অনুভব করছিল। পরে পুলিশের গাড়ি করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি আব্দুল হালিম।
