নোয়াখালীতে ছিনতাইয়ের টাকা উদ্ধার, গ্রেপ্তার ৪
নোয়াখালীর এক ব্যক্তির ১৯ লাখ টাকা ছিনতাইয়ের এক মাস পর চার জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
তাদের কাছ থেকে নগদ ৪ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।
বুধবার রাতে বেগমগঞ্জে থানা ও জেলা গোয়েন্দা পুলিশ একাধিক স্থানে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে হাজির করা হলে জেল হাজতে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন চৌমুহনী পৌরসভার করিমপুরের আবুল কাশেমের ছেলে যুবায়েদ হোসেন বিপ্লব (২৮), হাজিপুরের বেলাল হোসেনের ছেলে মো. পারভেজ (৩০), গনিপুরের মৃত আবুল হোসেনের ছেলে সাহাবুদ্দিন (৩৭) এবং দুর্গাপুর ইউনিয়নের মৃত অজি উল্যার ছেলে আমিরুল ইসলাম সুজন (২৯)।
বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেছে। ঘটনার মূল পরিকল্পনাকারী চৌমুহনী পৌরসভার গনিপুরের আবুল হোসেনের দুই ছেলে ইয়াছিন আরাফাত রহিম (৩২) ও মহিউদ্দিন সোহাগ (৩৮)। ঘটনার দিন ঘটনাস্থলের আশেপাশে থেকে সোহাগ টাকা বহনকারীর গতিবিধি সুজনকে জানান এবং রহিম তাদের টাকা নিয়ে পালিয়ে যেতে সহায়তা করেন। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি ছিল রহিমের, যা সুজনের বাসা থেকে উদ্ধার করা হয়।
“পুলিশের অভিযানের খবর পেয়ে রহিম ও সোহাগ পালিয়ে যায়। তবে তাদের বসত ঘর থেকে ৪ লাখ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি আসামিদের কাছ থেকে ৩৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।”
আটকদের বরাতে এসপি বলেন, ছিনাতাইকৃত ১৯ লাখ টাকার মধ্যে সুজন ২ লাখ টাকা, বিপ্লব ১ লাখ টাকা, পারভেজ ১ লাখ টাকা ভাগ করে নেন এবং বাকি টাকা সোহাগ নিজের কাছে রেখে দেন।
পুলিশ জানায়, গত ২০ জুন দুপুরে বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার আটিয়াবাড়ির পুল এলাকায় একটি ব্যাংকের এক এজেন্টের ১৯ লাখ টাকা ছিনতাই হয়।
