২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত তরুণের মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত এক তরুণ একদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2022, 11:18 AM

Updated : 02 Aug 2022, 02:01 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ওই তরুণ মারা গেছেন।

নিহত সাগর খান (২২) পটুয়াখালীর গলাচিপা উপজেলার মো. খোকন খানের ছেলে। পরিবারের সঙ্গে কেরানীগঞ্জের পূর্ব বন্দ ডাকপাড়া এলাকায় থাকতেন তিনি।

নিহতের চাচা ইউসুফ জানান, সোমবার রাতে বাসা থেকে কিছুটা দূরে খালি জায়গায় ঈদ পরবর্তী কনসার্ট অনুষ্ঠিত হচ্ছিল। অনুষ্ঠানটিকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। শেষ রাতের দিকে বাসায় ফিরছিল সাগর।

তিনি আরও বলেন, “বাসার কাছাকাছি এলে কে বা কারা সাগরের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে।”

পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহতের পেটে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।