সহপাঠীর সঙ্গে প্রেম, ‘বিয়ের চাপে’ স্কুলছাত্রের ‘আত্মহত্যা’
গাজীপুরের শ্রীপুর উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোববার রাতে লাশ উদ্ধার করা হয় বলে শ্রীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান মনির জানান।
নিহত রুমান শেখ (১৮) উপজেলার বরমী ইউনিয়নের কোষাদিয়া গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে এবং বরমী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।
স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, “সহপাঠীর সঙ্গে রুমানের প্রেমের সম্পর্ক ছিল। ঈদের আগের রাতে বিয়ে নিয়ে দুই পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের মধ্যে কথা হয়। কিন্তু রুমান এখন বিয়ে করতে রাজি হননি।”
“তারপরও স্বজনরা তাকে বিয়ের জন্য চাপ দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, বিয়ের জন্য চাপাচাপির কারণেই ঈদের রাতে রুমান আত্মহত্যা করেছেন।”
পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান ওসি।
রুমানের দাদা মো. ইসমাইল হোসেন সাংবাদিকদের বলেন, ঈদের কেনাকাটার জন্য রুমান তার বাবার কাছে পাঁচ হাজার টাকা চেয়েছিল। তাকে তিন হাজার টাকা দেওয়া হয়। ঈদের দিন বাইরে বেড়ানো শেষে বিকেলে নিজের ঘরে শুয়েছিল রুমান। সন্ধ্যায় স্বজনরা রুমানকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রুমানকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসমা উল হোসনা বলেন, হাসপাতালে আনার আগেই মারা গেছেন রুমান।
শ্রীপুর থানার এসআই অমল চন্দ্র সরকার বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়।
