২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশ্রয়কেন্দ্রে ঈদ: ‘ইলা জীবন লইয়া কিলা ঈদ করইন’

সারাবছর যেমন যাক, ঈদের সময়টায় পরিবারের সবাইকে নিয়ে সাধ্যমতো আনন্দেই কাটাতেন সুনামগঞ্জের দিনমজুর রিনা বেগম; কিন্তু এবার বন্যায় আশ্রয়কেন্দ্রে থাকা এই নারীর পরিবারে ঈদ-আনন্দের দেখা মিলেনি।

কিশোরগঞ্জ প্রতিনিধি

শামস শামীম,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2022, 02:05 PM

Updated : 25 Oct 2022, 10:54 AM

শতাব্দীর ভয়াবহ বন্যায় বসতি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আসা হাজার হাজার মানুষ পানি নামার পর বাড়িঘরে ফিরলেও সুনামগঞ্জে এখনও বিপদে আছেন বানভাসীদের অনেকে। সাত হাজারের বেশি মানুষের ঈদ কাটছে ৭৩টি আশ্রয়কেন্দ্রে; যেখানে টিকে থাকার সংগ্রামে ম্লান হয়ে গেছে ঈদের আনন্দ।

সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অন্য ১০টি পরিবারের সঙ্গেই আছেন দিনমজুর রিনা বেগম। তার তিন ছেলে ঠেলাগাড়ি চালায়। গত ১৬ জুন থেকে তিনি এখানে আছেন। 

রোববার সকাল সাড়ে ৭টায় আশ্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, কয়েকজন পুরুষ স্কুলের নলকূপে গোসল সারছেন; পরে তারা ঈদের জামাতে যাবেন। স্কুলের বিভিন্ন কক্ষ থেকে কয়েকজন নারী বেরিয়ে সংসারের টুকটাক কাজ করছেন। খুব ব্যস্ততা আছে এমন নয়। শিশুরা কর্দমাক্ত মাঠে হাঁটাহাঁটি করছে। কারো চোখেমুখে আনন্দ রেশ নেই।

পঞ্চাশোর্ধ্ব রিনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা অনে মল্লিকপুর ইস্কুলে বাইচ্চা-কাইচ্চা লইয়া থাকি। কুনুখানো যাওনের জাগা নাই। ইবার ঈদ-টিদ নাই আমরার। কোনো কাপড়-চোপড় নাই, বাসন-কোসন নাই; ইলা জীবন লইয়া কিলা ঈদ করইন।”

রিনা বেগম জানান, মল্লিকপুর সরকারি পুকুরের পশ্চিম তীরে টিনশেডের ঘর করে কোনোমতে দিন পার করছিলেন। ১৬ জুন রাতেই সেখানকার সবার অস্থায়ী টিনের ঘর বন্যায় ভেসে যায়। গভীর রাতে সবাই বুক সমান পানি ভেঙে সড়কে এসে ওঠেন। সেখান থেকে আসেন আশ্রয়কেন্দ্রে। ঘর ভেঙে যাওয়ায় নিজের ভিটায় ফিরতে পারছেন না তিনি; উদ্বাস্তুর মতো জীবন কাটছে।

এবারের বন্যায় সুনামগঞ্জের সবকটি উপজেলাই ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। দিনের পর দিন পানি নিচে থাকা ঘরের আসবাবপত্র, ধান, কৃষিকাজের যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে।

প্রাথমিকভাবে জেলা প্রশাসন জানিয়েছে, প্রায় অর্ধ লক্ষাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিসংখ্যানের বাইরে রয়ে গেছে আরও অনেক বসতি। এতে শুধু ছিন্নমূল বা গরিব মানুষই নয়; নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত, মধ্যবিত্তরাও বড় ধরনের বিপদে পড়েছেন।

সুনামগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, “৭৩টি আশ্রয়কেন্দ্রে প্রায় সাত হাজার মানুষ আছেন। তারা ঈদ করছেন আশ্রয়কেন্দ্রেই।”

মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রের অদূরে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জানিগাঁও থেকে জয়কলস পর্যন্ত আরও অর্ধশতাধিক পরিবার সড়কেই খুপড়িঘরে ঈদ উদযাপন করছেন।

মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রিনা বেগমের সঙ্গে যখন কথা হচ্ছিল তখন এগিয়ে আসেন এই আশ্রয়কেন্দ্রে অবস্থানকারী দিনমজুর আলিম উদ্দিন ও তার স্ত্রী সনিয়া বেগম। তাদের ছোট ছোট দুই সন্তান।

তারা জানালেন, দিনমজুর আশিক আলী, মাসুক মিয়ার পরিবারও রয়েছে সেখানে। যারা আগে তাদের সঙ্গে মল্লিকপুর সরকারি পুকুরের পশ্চিম তীরে অস্থায়ী টিনশেড ঘর করে থাকতেন। ঘর ভেঙে যাওয়ায় এবং মেরামত করতে না পরায় তারাও ফিরতে পারেননি।  

সনিয়া বেগম বলেন, “ভাই, আমরার যাওয়ার জাগা নাই। ইস্কুলও পইরা আছি। ঘর-দুয়ার নাই, জিনিষপত্র নাই। সব নষ্ট কইরা গেছে বইন্যা। বাচ্চা-কাচ্চা ও আমরার পোশাক-আশাক সবতা ভাসাইয়া নিছে। ইবার আমরার জীবনে ঈদ নাই। খাওন নাই, কাপড় নাই, থাকার জাগা নাই; ঈদ কিলা করি?”

চল্লিশোর্ধ্ব এই নারী জানান, আশ্রয়কেন্দ্রে আসার পর তিনি দুইবার ত্রাণ পেয়েছেন। তার মধ্যে একবার পেয়েছেন শুকনো খাবার। কোনো নগদ সহায়তা পায়নি এই আশ্রয়কেন্দ্রের পরিবারগুলো।

দিনমজুর আশিক আলীর পরিবারে স্ত্রী আর তিন সন্তান। তিনি ১৫ দিন ধরে আশ্রয়কেন্দ্রে আছেন।

এর মধ্যে একবার বিজিবির ত্রাণ ও একবার সরকারি ত্রাণ পেয়েছেন।

আশিক আলী বলেন, “কুব লানতে দিন যায় ভাই। কেউ খবর লয় না। বড় কষ্টে আছি।“

“আইজ একটা ঈদের দিন বাইচ্চা-কাইচ্চা, বউরে নতুন জামা-কাপড় দিতাম পারছি না। নিজেরার পরনের কাপড়, জুতা সবতা ভাসাইয়া নিছে বইন্যা। ই অবস্থায় ঈদ করতাম কিলা। ঈদ-টিদ ইবার আমরা জীবন তনে বাদ দেলাইছি।”

মল্লিকপুরের বাসিন্দা ও সংবাদকর্মী মোশফিকুর রহমান স্বপন বলেন, “বন্যায় এদের সবার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি একবার সুনামগঞ্জ-২৮ বিজিবিকে বলে ওখানে ২০টি পরিবারকে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেছিলাম। তাদেরকে গৃহনির্মাণে সহায়তা দিলে বাড়ি ফেরার কাজ শুরু করতে পারতেন।“

সুনামগঞ্জের পৌর মেয়র নাদের বখত বলেন, “আমাদের শহরের আশ্রয়কেন্দ্রসহ হতদরিদ্রদের সরকারি-বেসরকারিভাবে আমরা একাধিকবার ত্রাণ, নগদ সহায়তা দিয়েছি। ঈদের আগেও তাদেরকে জিআরের চাল দেওয়া হয়েছে। আমরা বানভাসিদের নানাভাবে সহযোগিতা করে আসছি।”

আরও পড়ুন:

বন্যা নিয়েছে সব, শূন্য থেকে শুরু পারুলের  

‘ঈদের দিন ভাসমান থাকব, কখনও ভাবি নাই’  

সুনামগঞ্জে বন্যায় ৪৫ হাজার ঘরবাড়ির ক্ষতি

বন্যায় সব শেষ বীরেন্দ্র, জয়ন্তীদের