পিরোজপুরে ‘প্রতিবেশীর লাঠির আঘাতে’ একজনের মৃত্যু
পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় ‘লাঠির আঘাতে এক প্রতিবেশী’ নিহত হয়েছেন।
উপজেলার বলদিয়া ইউনিয়নের উত্তর গগন গ্রামে শনিবার সকালে তাকে হত্যা করা হয় বলে স্বরূপকাঠি থানার ওসি আবির মোহাম্মদ হাসান জানান।
নিহত হাসান বেপারী (৩০) ওই গ্রামের মহিউদ্দিন বেপারীর ছেলে।
প্রতিবেশী সরোয়ার হোসেনের (৪০) বিরুদ্ধে তাকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তিনি পালাতক আছেন।
বলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. সোহেল জানান, হাসানের স্ত্রী ও সরোয়ারের ভাইয়ের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। দ্বন্দ্বের জেরে কিছুদিন আগে মারামারি হয়। হাসান পিরোজপুরের আদালতে মামলা করেন। এর জেরে সকালে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি মারা যান।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
সরোয়ারকে আটকের চেষ্টাসহ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান ওসি আবির মোহাম্মদ হাসান।
