সাভারে ছুরিকাঘাতে কিশোর নিহত
ঢাকার সাভারে ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে।
ছিনতাইকারীর হামলায় এ কিশোরের মৃত্যু হয়েছে বলে পুলিশ বললেও পরিবারের দাবি ‘পূর্বশত্রুতার’ জেরে তাকে খুন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে পৌর এলাকার ওয়াপদা রোডে মো. আলামিন (১৫) নামের ওই কিশোর হামলার শিকার হন বলে পুলিশ জানিয়েছে।
পরিবার জানিয়েছে, আলামিন ফরিদপুর জেলার কোতায়ালী থানার হাট গোবিন্দপুর গ্রামের আকমল খানের ছেলে। সাভারের ব্যাংক কলোনি এলাকায় গেদু মিয়ার বাড়িতে পরিবারের সাথে ভাড়া বাসায় থেকে বাজার বাসস্ট্যান্ড এলাকায় শাহাদাৎ নামের এক ব্যক্তির মোবাইল সার্ভিসিংয়ে দোকানে কাজ করতেন।
সাভার মডেল থানার এসআই হারুন উর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ সেরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরছিলেন আলামিন।
“ওয়াপদা রোড এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা আলামিনকে এলোপাথারি ছুরিকাঘাত করে ফেলে পালিয়ে যায়।”
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আহত আলামিনকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পথচারীরা। সেখানে তার মৃত্যু হলে হাসপাতালের মাধ্যমে পুলি খবর পায়।
নিহতের বাবা আকমল খান জানান, তার ছেলে বৃহস্পতিবার দুপুরে বাসা থেকে খেয়ে কাজে যাওয়ার পর আর ফেরেনি। শুক্রবার ছেলের খোঁজে থানায় জিডি করতে গেলে ছবি দেখানোর পর পুলিশ একটি মরদেহ পাওয়ার কথা জানায়। পরে তিনি হাসপাতালে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন।
আকমল খানে বলেন, “আলামিন আগে যে দোকানে কাজ করত সেই দোকানে কিছু ছেলের সঙ্গে তার মারামারি হয়েছে। সেই ঘটনার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে।”
সাভার মডেল থানার এসআই হারুন উর রশিদ বলেন, আলামিনের বুকে ও পিঠে ছুরির গভীর আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে।
আলামিনের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে জানিয়ে এই এসআই জানান, হত্যায় জড়িদের শনাক্তে চেষ্টা চলছে।
