২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদযাত্রায় সিরাজগঞ্জে ২ জনের মৃত্যু

সিরাজগঞ্জে ঈদযাত্রায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই বাসযাত্রীর প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 03:35 PM

Updated : 14 Jul 2022, 06:59 PM

শুক্রবার ভোরে কামারখন্দ উপজেলার কোনবাড়ি এলাকার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সেতুর পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান।

হতাহতদের উদ্ধারের পর সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আর দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করে থানায় রাখা হয়েছে।

তবে চালক ও সহকারীরা পালিয়ে গেছে বলে জানান ওসি। 

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন-রংপুরের পীরগঞ্জ উপজেলার দুবরাজপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে শাকিল হোসেন (২৭)।

সিরাজগঞ্জ সদর থানার এসআই রেজাউল ইসলাম শাহ্ বলেন, খবর পেয়ে শাকিলের স্বজনরা হাসপাতালে এসেছেন। লাশ তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আর আনুমানিক ২৫ বছর বয়সী অপর নিহত যুবকের পরিচয় মেলেনি; তার লাশ মর্গে রয়েছে।

হতাহতরা সবাই ঈদ উদযাপন করতে বাসে ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন বলে জানান তিনি।