টেকনাফে ক্যাম্প থেকে ২ রোহিঙ্গা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলার শরণার্থী শিবির থেকে দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে, এ সময় অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ১৬ এপিবিএনের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন, ওই ক্যাম্পের বাসিন্দা আব্দুল্লাহ (২০) ও মো. ইয়াকুব (২৩)।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সশস্ত্র কয়েকজন রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। দৌঁড়ে পালানোর সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।
“এ সময় তাদের হেফাজতে থাকা একটি দেশীয় একনলা বন্দুক, তিনটি গুলি এবং দুইটি রামদা উদ্ধার করা হয়। আটকরা রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক একটি সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ডাকাতি, মাদকপাচার, অপহরণ, ছিনতাই, হত্যাসহ অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।”
এ ঘটনায় মামলা দায়ের করে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ সুপার।
